২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম স্থগিত

সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার কিরণের রিটের প্রেক্ষিতে রোববার বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের আদালত এই আদেশ দিয়েছেন। সেই সঙ্গে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙ্গে দেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নির্বাচিত কমিটিকে তাদের অফিসে আসন গ্রহণ ও কার্যাবলী পরিচালনা করতে দেয়া হবে না তা-ও জানতে চেয়েছেন আদালত। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ সচিব ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রাফিয়া আক্তার ডলির বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। আদালতের আদেশের কারণে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি বৈধ বলে দাবি করেন কিরণের আইনজীবী ব্যারিস্টার মাসুদ আর সোবহান। তিনি বলেন, “এই স্থগিতাদেশের ফলে অ্যাডহক কমিটির এখন আর কোনো অস্তিত্ব নেই। নির্বাচিত কমিটিই বৈধ। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নির্বাচিত কমিটিই মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা করার এখতিয়ার রাখে।” সোমবার এক সংবাদ সম্মেলনে কিরণ জানিয়েছেন, “আদালতের এই আদেশের প্রেক্ষিতে আমরাই মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনা করার অধিকার রাখি। তাই আমরা এখন সংস্থার চাবি চাইবো ক্রীড়া পরিষদের কাছে।” গত ৩ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ এক প্রজ্ঞাপণে মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটি ভেঙ্গে দেয়। সে সময় কিরণ ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক। নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে কামরুন্নাহার ডানার নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করা হয়। তবে অনেক দিন এই কমিটি কার্যক্রম পরিচালনা করতে পারেনি। পরে জাতীয় ক্রীড়া পরিষদ ৭ সদস্যের আরেকটি অ্যাডহক কমিটি গঠন করে। সেই কমিটির ৬ জনই সরকারী কর্মকর্তা এবং একজন সংগঠক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮২৪ ঘ.