২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের কাছে হেরে চেলসি ষষ্ঠ

ফাইনালে ওঠায় চেলসির সামনে এখন চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি। অথচ আগামী বার ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে। মঙ্গলবার লিভারপুলের কাছে ৪-১ গোলে হেরে যাওয়ায় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসির সেরা চারে থাকার সম্ভাবনা শেষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাইনালে ওঠায় চেলসির সামনে এখন চ্যাম্পিয়নস লিগ জয়ের হাতছানি। অথচ আগামী বার ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে তারা অনিশ্চয়তার মধ্যে। মঙ্গলবার লিভারপুলের কাছে ৪-১ গোলে হেরে যাওয়ায় ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসির সেরা চারে থাকার সম্ভাবনা শেষ। তবে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের দলের সামনে একটি পথ খোলা আছে এখনো। আগামী ১৯ মে অনুষ্ঠেয় ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারাতে পারলে আগামী বার চ্যাম্পিয়নস লিগের বাছাই পর্বে খেলার সুযোগ পাবে চেলসি। সেক্ষেত্রে এবারের ইপিএলের চার নম্বর দলটি বাদ পড়ে যাবে। ৬১ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান ষষ্ঠ। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা টটেনহাম হটস্পার ও নিউক্যাসল ইউনাইটেডের পয়েন্ট যথাক্রমে ৬৬ ও ৬৫। সব দলেরই আর একটি করে ম্যাচ বাকি। ২০০১-০২ মৌসুমের পর এই প্রথম লিগের সেরা চারে থাকতে ব্যর্থ হলো চেলসি। চেলসিকে শুধু ষষ্ঠ হওয়ার লজ্জাতেই ফেলে দেয়নি লিভারপুল, একটা প্রতিশোধও নিয়েছে। গত শনিবার এফএ কাপের ফাইনালে চেলসির কাছেই হেরে যায় তারা। সেই দুঃখ বুকে চেপে নিজেদের মাঠ অ্যানফিল্ডে নেমে ১৯ মিনিটে মাইকেল এসিয়েনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। বিজয়ীদের অন্য তিনটি গোল জর্ডান হেন্ডারসন (২৫ মিনিট), ড্যানিয়েল এগার (২৯) ও জনজো শেলভির (৬১)। ৫০ মিনিটে চেলসির সান্ত্বনাসূচক গোলদাতা রামিরেস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯০২ ঘ.