ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - “চ্যাম্পিয়নস! ওলে, ওলে!” হাজারো মানুষের চিৎকারে মুখরিত মাদ্রিদের আকাশ-বাতাস! চার বছর পর লা লিগার শিরোপা জয়ের আনন্দ ভক্তদের সঙ্গে উদযাপনের জন্য বৃহস্পতিবার ছাদ খোলা বাসে করে মাদ্রিদের কেন্দ্রস্থল প্লাজা দি সিবেলেসে হাজির হন রিয়াল মাদ্রিদের উল্লসিত খেলোয়াড়রা।
দলকে অভিবাদন জানাতে সেখানে তখন রিয়ালের অজস্র ভক্তের ভীড়। তাদের সবার কণ্ঠে প্রিয় দলকে নিয়ে উচ্ছ্বাস আর গর্ব মেশানো আনন্দধ্বনি।
৩১ বছর বয়সী কার্লোস কালেনো বলেন, “আমরা ভীষণ গর্বিত। আমরা এখন কঠিন সময় পার করছি। কিন্তু ফুটবল আমাদের সব সমস্যা ভুলিয়ে দিয়েছে।”
কালেনোর বন্ধু ৩৯ বছর বয়সী আরমান্দো মেনা বলেন, “আজ রাতে আমরা সব সমস্যা ভুলে থাকতে পারবো।” দুজনের হাতেই ছিলো রিয়ালের সাদা পতাকা।
বুধবার অ্যাথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করে রিয়াল।
২৩ বছর বয়সী ছাত্র হুয়ান বলেন, “আমরা চার বছর অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত লিগ আমাদের। আমাদের অনেক কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে হয়েছে। কিন্তু যখন বার্সেলোনায় গিয়ে জিতলাম তখনই জানতাম আমরা এটা (শিরোপা) অর্জন করে ফেলেছি।”
১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে উৎসবে যোগ দেয়া মনিকা গার্সিয়া বলেন, “শিরোপা জয় কঠিন ছিলো বলে এতো স্বস্তি পাচ্ছি। আমি সবসময়ই ‘মাদ্রিদিস্তা’ ছিলাম। আর আমৃত্যু তা থাকবোও।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৯ ঘ.
bdnews24