ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে জেষ্ঠ্য সহ-সভাপতি পদে জয়ে দৃঢ় আশাবাদী সাবেক তারকা ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে ফুটবলের উন্নয়নে ছয় পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি।
চুন্নুর এই পরিকল্পনা গুলো হলো- জেলা পর্যায়ের ঝিমিয়ে পড়া ফুটবলকে সচল করা, শের-ই-বাংলা কাপ ও সোহরাওয়ার্দী কাপ নিয়মিত করা, আন্ত:শিক্ষা প্রতিষ্ঠান ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা, তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা খুঁজে বের করা, ঢাকার ক্লাবগুলোর সুযোগ সুবিধা বাড়ানো এবং পাইওনিয়ার, তৃতীয় বিভাগ ও দ্বিতীয় বিভাগ ফুটবলকে আরো সচল করা।
বাফুফে এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক এই কর্মকর্তা জানিয়েছেন নির্বাচনে জিততে পারলে বাফুফেকে রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে রাখবেন। এ ব্যাপারে তিনি বলেন, “সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ফুটবলকে এগিয়ে নিতে সচেষ্ট থাকবো আমি।”
চুন্নুর দৃঢ় বিশ্বাস কাউন্সিলররা তাকে হতাশ করবেন না। তিনি বলেন, “অতীত অভিজ্ঞতার কথা বিবেচনা করে কাউন্সিলররা আমার পক্ষে রায় দেবেন বলে আশা করছি। কারণ ফুটবলই আমার ধ্যান-জ্ঞান। ফুটবলের পাশে সব সময় আছি, সব সমই থাকবো।”
সংবাদ সম্মেলনে চুন্নু বাফুফের বর্তমান কমিটির সমালোচনা করতেও ভুলেননি। এ ব্যাপারে তিনি বলেন, “কর্র্মকর্তাদের সিদ্ধান্তহীনতা, সরকারি পৃষ্ঠপোষকতা পেতে ব্যর্থ হওয়া ও অভ্যন্তরিন সমন্বয়ের অভাবে ফুটবল অনেকটাই পিছিয়ে পড়েছে।”
“নব্বইয়ের দশকের পর থেকে ফুটবলে এই স্থবিরতা শুরু হয়েছে। এই স্থবিরতা এখনো বিরাজ করছে,” যোগ করেন সাবেক এই ফুটবলার।
বাংলাদেশের ফুটবলে এক সময় যে উত্তেজনা ছিল তার মূলে কর্মকর্তাদের অনবদ্য ভূমিকা ছিল বলে মনে করেন চুন্নু। তিনি বলেন, “সেই সময়কার কর্মকর্তারা ছিলেন ফুটবল অন্ত:প্রান। সে সময় তারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন বলেই ফুটবলকে এগিয়ে নিতে পেরেছিলেন।”
চুন্নু এর আগে বাফুফের যুগ্ন-সাধারণ সম্পাদক ছিলেন। পরে ২০০৮ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করে হেরে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯২০ঘ.
bdnews24