ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ মৌসুমই শেষ। এরপর আর বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করবেন না পেপ গার্দিওলা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চুক্তি নবায়ন না করার কথা জানিয়ে দিয়েছেন তিনি।
বেশ কিছু দিন ধরেই গার্দিওলার ন্যু ক্যাম্পকে বিদায় জানানো সংক্রান্ত গুঞ্জন শোনা যাচ্ছিলো। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সা¤প্রতিক সময়ে এ ব্যাপারে বিভ্রান্তির জন্য আমি দুঃখিত। আমি সব সময় স্বল্প সময়ের জন্য চুক্তিবদ্ধ হতে চেয়েছি। কারণ বার্সেলোনায় প্রত্যাশার চাহিদা বেশি।”
“আমরা এখন দুটো প্রধান প্রতিযোগিতার (চ্যাম্পিয়নস লিগ ও স্পেনের লা লিগা) শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছি। (সরে দাঁড়ানোর) ঘোষণা দেয়ার এটাই সঠিক সময়,” যোগ করেন তিনি।
সরে দাঁড়ানোর কারণ প্রসঙ্গে বার্সেলোনাকে ১৩টি শিরোপা এনে দেয়া গার্দিওলা বলেন, “কারণটা অতি সহজ। চার বছরে যে কেউ ক্লান্ত হয়ে পড়তে বাধ্য। নতুন কোচ দলকে এমন কিছু দেবেন যা আমি দিতে পারিনি।”
সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন বার্সার সভাপতি সান্দ্রো রোসেল। ক্লাবের ইতিহাসের অন্যতম সফল কোচকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আগামী মৌসুমে পেপ গার্দিওলা বার্সেলোনার কোচের দায়িত্ব পালন করবেন না। দলের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার জন্য তাকে ধন্যবাদ।”
বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, গার্দিওলার সহকারী তিতো ভিলানোভা আগামী মৌসুমে কোচের দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৩৩ ঘ.
bdnews24