ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ আন্তর্জাতিক হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ফাইনালে তারা ৬-৩ গোলে ওমানকে হারিয়েছে।
বাংলাদেশের জয়ের নায়ক কৃষ্ণ কুমার। তিন গোল করেন তিনি। আর ডিফেন্ডার মামুনুর চয়ন দুটি গোল করেন।
ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর রহমান চয়ন লক্ষ্যভেদ করেন। ঠিক ছয় মিনিট পর সেই চয়নই একইভাবে ব্যবধান দ্বিগুন করেন।
এর পরই শুরু হয় কৃষ্ণ কুমারের পালা। ২৬ মিনিটে কৃষ্ণ কুমার বাংলাদেশের পক্ষে তৃতীয় গোল করেন। ৩৮ মিনিটে তিনিই করেন চতুর্থ গোল। দুটি গোলই তিনি করেন ফিল্ড অ্যাটাক থেকে।
ম্যাচের ৪৮ মিনিটে ইকবাল নাদির প্রিন্স এবং ৬৫ মিনিটে কৃষ্ণ কুমার বাংলাদেশের পক্ষে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ গোল করেন।
এই জয়ে এএইচএফ কাপের শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। ২০০৮ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই ওমানকে ৭-১ গোলে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশ।
অবশ্য ফাইনালে খেলা নিশ্চিত করেই বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে উঠে যায়। ২০১৩ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে এই আসর।
এর আগে বাংলাদেশ সেমি-ফাইনালে ৫-৩ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। আর গ্র“প পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। প্রথম ম্যাচে তারা ৪-২ গোলে চাইনিজ তাইপেকে, দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে সিঙ্গাপুরকে এবং তৃতীয় ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে ৯-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯২৫ঘ.
bdnews24