ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিন আগে বার্সেলোনাকে হারিয়ে দিলেও আর্সেনালের সঙ্গে জিততে পারেনি চেলসি। শনিবার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে চেলসি-আর্সেনাল লড়াইয়ের ফলাফল গোলশূন্য।
রবিন ফন পার্সি জ্বলে উঠতে না পারলেও ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালেরই প্রাধান্য ছিলো বেশি। তবে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
আর্সেনালের সেরা সুযোগটি আসে বিরতির ঠিক আগে। কিন্তু লরেন্ত কোসিয়েলনির হেড ক্রসবারে লেগে ফিরে আসায় হতাশায় পুড়তে হয় তাদের।
ড্র করলেও ৩৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্ট সংগ্রহ করা চেলসির অবস্থান ষষ্ঠ।
৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই ম্যানচেস্টার সিটির অবস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৬ ঘ.
bdnews24