ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতিটি পদেই একাধিক প্রার্থী লড়াই করবেন। ২১টি পদের জন্য প্রার্থীর সংখ্যা ৬৪ জন।
বর্তমান সভাপতি ও সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিনের বিপক্ষে প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, বাফুফের সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুর রহিম ও সাংবাদিক মোজাম্মেল হক।
তবে সবচেয়ে কঠিন লড়াইয়ের আভাস মিলছে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে। এই পদের জন্য পাঁচ জন প্রার্থী।
বাফুফের বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে লড়তে হবে সাবেক তারকা ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, সাবেক ফুটবলার ও বর্তমান কমিটির সদস্য গোলাম রাব্বানী হেলাল, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমানের বিপক্ষে।
চারটি সহ-সভাপতি পদে ৯ জন প্রার্থী। তারা হলেন ফেনী সকার ক্লাবের কর্মকর্তা তাবিথ আউয়াল, বাফুফের বর্তমান সহ-সভাপতি মনজুর হোসেন মালু, ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ মহি, সাবেক তারকা ফুটবলার ও বর্তমান সহ-সভাপতি বাদল রায়, ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর, সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ, সাবেক তারকা ফুটবলার আরিফ খান জয় ও খুরশিদ আলম বাবুল।
সদস্য পদ ১৫টি। তাই প্রার্থীর সংখ্যাও বেশি। সদস্য পদে ৪৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে উল্লে¬খযোগ্য হলেন চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তা শামসুল হক চৌধুরী এমপি, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, সত্যজিৎ দাস রুপু, সাইদ হাসান কানন ও হাসানুজ্জামান খান বাবলু।
এদিকে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বর্তমান কমিটির কর্মকর্তারা সম্মিলিত ঐক্য পরিষদের ব্যানারে একটি প্যানেল ঘোষণা করেছেন। অবশ্য এই কমিটি থেকে কয়েক জন সদস্য বাদ পড়েছেন। তারা হলেন গোলাম রাব্বানী হেলাল, খুরশীদ বাবুল, শরিফুজ্জামান, মাহবুবুর রহমান শাহীন ও আজফার-উজ-জামান।
তবে সালাউদ্দিনের প্যানেল থেকে বাদ পড়লেও তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের নেতৃত্ব দিচ্ছেন গোলাম রাব্বানী হেলাল। সঙ্গে রয়েছেন আরিফ খান জয়।
৬৪ জন মনোনয়নপত্র জমা দিলেও রোববারই বোঝা যাবে শেষ পর্যন্ত কারা-কারা লড়াইয়ে থাকবেন । ঐ দিনই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০১ ঘ.
bdnews24