ঢাকা, ১৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। আগামী মঙ্গলবার বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ফিরতি লেগে আবার মুখোমুখি হবে দুদল।
চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে খেলা। শুরুতে বল দখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও দিদিয়ের দ্রগবা শুরু থেকেই আতঙ্ক ছড়াচ্ছিলেন অতিথিদের রক্ষণভাগে।
তবে গোল না পাওয়ার প্রথম হতাশা গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার। নবম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে অ্যালেক্সিস সানচেজের চিপ চেলসির ক্রসবারে লেগে ফিরে আসে।
পরের মিনিটেই গোল করার সুযোগ পেয়ে যায় স্বাগতিকরা। ব্রানিস্লাভ ইভানোভিচের লম্বা থ্রো-ইন এসে পড়ে বার্সার বক্সের মধ্যে। কিন্তু জন টেরি বা গ্যারি ক্যাহিল সুযোগটা কাজে লাগাতে পারেননি। কোনো রকমে বল বিপদমুক্ত করে বার্সার রক্ষণভাগ।
১৯ মিনিটে সেস ফ্যাব্রেগাস নষ্ট করেন সুবর্ণ সুযোগ। ইনিয়েস্তার শট কোনো রকমে ফিরিয়ে দিয়েছিলেন চেলসির গোলরক্ষক পিয়েতর চেক। কিন্তু ফিরতি বল মাত্র ৮ গজ দূরে থেকেও জালে পাঠাতে পারেননি ফ্যাব্রেগাস।
২৬ মিনিটে ইনিয়েস্তাকে ক্যাহিল বক্সের মধ্যে ফেলে দিলেও বার্সার পেনাল্টির দাবিতে কর্ণপাত করেননি রেফারি ফেলিক্স ব্রাইচ। পরের মিনিটেই ইনিয়েস্তার শট ফিরিয়ে দেন চেক।
৪৩ মিনিটের সময় আবার অতিথিদের হতাশ হতে হয়। মেসির পাস থেকে ইনিয়েস্তার চিপ গোল লাইনের মাত্র গজ খানেক সামনে থেকে কোনো রকমে বিপদমুক্ত করেন অ্যাশলি কোল।
বিরতির ঠিক আগে কাক্সিক্ষত গোলের দেখা পায় চেলসি। মাঝবৃত্তের কাছ থেকে নেয়া ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দুর্দান্ত থ্রু বাঁ প্রান্তে পেয়ে যান রামিরেস। বল পায়ে দ্রুতগতিতে বার্সার বক্সের ভেতর ঢুকে তিনি পাস দেন দ্রগবাকে। দ্রগবার শট বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেসের পক্ষে ঠেকানো সম্ভব হয়নি ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেলসির রক্ষণভাগের ওপর ঝাঁপিয়ে পড়ে বার্সা। কিন্তু গোলের দেখা পাচ্ছিলো না কিছুতেই। কখনো আদ্রিয়ানোর শট চেক ফিরিয়ে দিয়েছেন, কখনো মেসির শট প্রতিহত হয়েছে প্রতিপক্ষের রক্ষণ-দেয়ালে। সানচেজ-জাভি-আলভেসরাও সুযোগ নষ্ট করে হতাশ করেছেন বার্সাকে।
৮৭ মিনিটের সমতা প্রায় নিয়েই এসেছিলো স্পেনের চ্যাম্পিয়নরা। মেসির ফ্রি কিক দারুণ দক্ষতায় ব্যাক হেড করেছিলেন বার্সার অধিনায়ক কার্লোস পুয়োল। কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে অসাধারণ দৃঢ়তায় আবার দলকে বিপদমুক্ত করেন চেক।
শেষ বাঁশির ঠিক আগে আবার বেঁচে যায় চেলসি। এবার অবশ্য সাইড পোস্ট স্বাগতিকদের পরিত্রাতা। একটি পরিকল্পনা আক্রমণ থেকে মাটি-ঘেঁষা শট নিয়েছিলেন পেদ্রো রদ্রিগেজ। কিন্তু পোস্টে লেগে ফিরে আসে বল।
বার্সেলোনাকে তাই ফাইনালের জন্য আগামী মঙ্গলবারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৩০৩ ঘ.
bdnews24