ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেকর্ড পাঁচ বার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ব্রাজিলের বর্তমান দল নিয়ে ভীষণ হতাশ রোমারিও। ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়কের ধারণা, এই মূহূর্তে বিশ্বকাপ শুরু হলে গ্র“প পর্বই পেরোতে পারতো না মানো মেনেজেসের দল!
যদিও বর্তমানে ব্রাজিলের সংসদ সদস্য রোমারিও মনে করেন, দলকে গুছিয়ে তুলতে ব্রাজিলের কোচ মেনেজেসের আরো সময় প্রয়োজন।
লন্ডন অলিম্পিকে ব্রাজিল ভালো করতে না পারলে বরখাস্ত হতে পারেন মেনেজেস। সেক্ষেত্রে তার উত্তরসূরী হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ জোয়েল সান্তানাকে পছন্দ রোমারিওর।
রিও ডি জেনিরোর দৈনিক ‘ও দিয়া’কে দেয়া এক সাক্ষাতকারে রোমারিও আরো বলেন, তিনি লিওনেল মেসির চেয়ে অনেক ভালো ফুটবলার ছিলেন। তার মতে সর্বকালের সেরা তিন ফুটবলারের মধ্যে তিনিও থাকবেন। অন্য দুজন হলেন পেলে ও ডিয়েগো ম্যারাডোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৩১ ঘ.
bdnews24