ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদ আর বায়ার্ন মিউনিখ মুখোমুখি হওয়া মানেই যেন ‘যুদ্ধ’! একবার এক প্রীতি ম্যাচে বায়ার্নের লোথার ম্যাথাউসের মাথায় লাথি মেরে বসেছিলেন রিয়ালের হুয়ানিতো। মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে কি না কে জানে!
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় খেলা বলে প্রথম লেগে বায়ার্নের বাড়তি সুবিধা পাওয়ার কথা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে পঞ্চমবারের মতো সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুদল।
ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে রেকর্ড ৯ বার চ্যাম্পিয়ন হলেও বায়ার্নের মাঠে রিয়ালের পারফরম্যান্স হতাশাজনক। এর আগে মিউনিখে ৯ ম্যাচের ৮টিতেই হেরেছে রিয়াল। অন্য ম্যাচটি ড্র করেছে।
মঙ্গলবারের ম্যাচ নিয়ে বায়ার্নের মিডফিল্ডার বাস্টিয়ান শোয়েইনস্টাইগার বলেন, “আমরা নিজেদের সীমাবদ্ধতা জানি। দর্শকরা আমাদের পেছনে থাকলে আমরা জিততে পারবো। যদিও তা সহজ হবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯৪৮ ঘ.
bdnews24