২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার সঙ্গে ড্র করে শীর্ষেই আবাহনী

গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের গুরুত্বপূর্ণ লড়াইয়ে কেউ জেতেনি। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুই শিরোপা প্রত্যাশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের গুরুত্বপূর্ণ লড়াইয়ে কেউ জেতেনি। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুই শিরোপা প্রত্যাশী। ড্র করলেও শীর্ষে থেকেই প্রথম লেগ শেষ করলো আবাহনী। এখনো পর্যন্ত লিগের একমাত্র অপরাজিত দল আবাহনীর ১০ ম্যাচ থেকে সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই মুক্তিযোদ্ধার অবস্থান। রোববার ১৪ মিনিটের সময় এগিয়ে যায় আবাহনী। বক্সের ভেতরে মুক্তিযোদ্ধার ডিফেন্ডার ফিরোজ মাহমুদ টিটো আবাহনীর মিডফিল্ডার তৌহিদুল আলমকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি আজাদ রহমান। পেনাল্টি থেকে ঘানার মিডফিল্ডার থুয়াম ফ্রাঙ্কের আড়াআড়ি শট জড়িয়ে যায় মুক্তিযোদ্ধার জালে। ৬৩ মিনিটে সমতা ফেরায় মুক্তিযোদ্ধা। আরিফুলের ফ্রি কিক থেকে অসাধারণ হেডে গোল করেন ব্রাজিলীয় ডিফেন্ডার আন্দ্রে রাফায়েল (১-১)। মুক্তিযোদ্ধা অবশ্য এগিয়ে যেতে পারতো শুরুতেই। পঞ্চম মিনিটে টিটোর দুর্দান্ত ক্রস ফাঁকায় পেয়েও গোল করতে পারেননি জাহিদ হাসান এমিলি। দেশের অন্যতম সেরা স্ট্রাইকারের হেড পোস্ট ঘেঁষে চলে যায় বাইরে। ৮৭ মিনিটে এগিয়ে যেতে পারতো আবাহনীও। বক্সের বাইরে থেকে নেয়া ফ্রাঙ্কের দুর্দান্ত শট গোলরক্ষক মাকসুদুর রহমান মোস্তাক ফিরিয়ে দিয়ে বিপদ থেকে রক্ষা করেন মুক্তিযোদ্ধাকে। শীর্ষস্থান অক্ষুন্ন থাকলেও এই ফলে ভীষণ হতাশ আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি। ম্যাচ শেষে তিনি বলেন, “এক গোল পাওয়ার পর খেলোয়াড়রা কেমন জানি অলস ভঙ্গিতে খেলেছেন। আর এই সুযোগে প্রতিপক্ষ আমাদের ওপরে চেপে বসেছে।” “৭/৮ জন এমন ভাবে খেলেছে যে তাদের তুলে নেয়াই উচিৎ ছিল। কিন্তু দুর্ভাগ্য, ফুটবলে এতজন খেলোয়াড় বদল করার নিয়ম নেই। নইলে আমি তাই করতাম,” যোগ করেন পুরমুসলিমি। আবাহনীর কোচ হতাশ হলেও মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক তার দলের খেলোয়াড়দের ওপরে সন্তুষ্ট। তিনি বলেন, “খেলোয়াড়রা শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেছে জয় পাওয়ার। তারা সফল হয়নি, কিন্তু চেষ্টা করে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৯ ঘ.