ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার খেলা চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ইতালির সেরি বি’র দল লিভোরনোর মিডফিল্ডার পিয়েরমারিও মোরোসিনি। তার মৃত্যুতে ওই দিন ইতালির সব খেলা স্থগিত করা হয়।
পেসকারার বিপক্ষে লিভোরনোর ম্যাচের ৩৩ মিনিটে মাঠে ঢলে পড়েন মোরোসিনি। সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
মোরোসিনির ডাক্তার দে ব্লাসি বলেন, “তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো। তাকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়।”
মাত্র মাস খানে আগে টটেনহাম হটস্পারের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল চলাকালে বোল্টন ওয়ান্ডারার্সের ফ্যাব্রিক মুয়াম্বাও একই কারণে মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন। মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে আসা ওই মিডফিল্ডার এখনও হাসপাতালে।
সেরি আ’র দল উদিনেসের খেলোয়াড় ২৫ বছর বয়সী মোরোসিনি ধারে লিভোরনোর হয়ে খেলছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৪৫ ঘ.
bdnews24