ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরীয় স্ট্রাইকার লাকি পলের চার গোল গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিশাল জয় এনে দিয়েছে আবাহনী লিমিটেডকে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেনী সকার ক্লাবকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।
আবাহনীকে শুধু বড় জয়ই উপহার দেননি, গোলদাতার তালিকার শীর্ষস্থানও উপভোগ করছেন পল। লিগে এখন তার ৯ গোল। ৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মুক্তিযোদ্ধার সানডে সিজোবা।
এবারের লিগে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আরামবাগের এলিটা কিংসলে ও সিজোবা হ্যাটট্রিক করেছিলেন।
বিশাল জয়ের সুবাদে শীর্ষস্থানও ফিরে পেয়েছে পেশাদার লিগের প্রথম তিন বারের চ্যাম্পিয়নরা। ৯ ম্যাচ থেকে আবাহনীর সংগ্রহ ২৩ পয়েন্ট। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধার অবস্থান দ্বিতীয়।
১১ মিনিটেই পলের গোলে এগিয়ে যায় আবাহনী। ডিফেন্ডার ওয়ালি ফয়সালের নিচু ক্রস সকার ক্লাবের ডিফেন্ডার মোস্তফা কাবা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সুযোগটা কাজে লাগিয়ে আলতো শটে বল জালে জড়িয়ে দেন পল (১-০)।
২৬ মিনিটে পেনাল্টি থেকে আবাহনীর দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার আরমান আজিজ। গোলমুখে আরমানের শট আরামবাগের ডিফেন্ডার রাজীব হাত দিয়ে ঠেকিয়ে প্রতিপক্ষকে শুধু পেনাল্টিই উপহার দেননি, লাল কার্ডও পেয়েছেন রেফারি মিজানুর রহমানের কাছ থেকে।
এর পরই বিধ্বংসী রূপে আবির্ভূত হন পল। ৩৭ মিনিটে ইব্রাহিমের থ্রু ধরে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন তিনি।
৫৩ মিনিটে হ্যাটট্রিকও হয়ে যায়। বদলি খেলোয়াড় লিঙ্কনের ক্রস থেকে গোলটি করেন পল (৪-০)। ৬৫ মিনিটে নিজের চতুর্থ গোলের আনন্দেও মেতে ওঠেন এই নাইজেরীয় স্ট্রাইকার।
এত বড় জয় পেয়ে দারুণ খুশি আবাহনীর ইরানি কোচ আলী আকবর পুরমুসলিমি। ম্যাচ শেষে তিনি বলেন, “এই জয় পুরো দলের জন্যই সুসংবাদ। তবে খেলোয়াড়দের এখন আরো সতর্ক হতে হবে। কারণ আমরা শিরোপার লড়াইয়ে আছি।”
অন্যদিকে সকার ক্লাবের কোচ রেজাউল হক জামাল বিষন্ন কণ্ঠে বলেন, “আবাহনীর মতো শক্তিশালী দলের সঙ্গে আমাদের বিশাল ব্যবধান। দশ জনের দলে পরিণত হওয়ায় হারটা এত বড় হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০০ ঘ.
bdnews24