ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম) - লিওনেল মেসির জোড়া গোলে শনিবার বার্সেলোনা ৪-১ গোলে হারিয়ে দশজনের রিয়াল জারাগোজাকে। এই জয়ের ফলে স্প্যানিশ লিগে সবার ওপরে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান তিনে নামিয়ে এনেছে বার্সা। যদিও রিয়াল এক ম্যাচ কম খেলেছে।
৩১ খেলায় ৭৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৩০ খেলায় রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৮।
এই ম্যাচে দুই গোলের সুবাদে এক মৌসুমে ৬০ গোল করার মাইলফলক ছুঁয়েছেন তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় মেসি। সর্বশেষ এই মাইলফলক অতিক্রম করতে পেরেছিলেন বায়ার্ন মিউনিখের জার্ড মুলার। ১৯৭২-৭৩ মৌসুমে ৬৭ গোল করেছিলেন তিনি।
নিজেদের মাঠে প্রথমে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো জারাগোজাই। তবে ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জারাগোজা স্ট্রাইকার কার্লোস আরানদা। তবে দলকে বেশিক্ষণ সেই আফসোসে থাকতে দেননি তিনি। ছয় মিনিট পর গোল করে জারাগোজাকে এগিয়ে নেন আরানদা। ৩৬ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান বার্সা অধিনায়ক কার্লোস পুয়ল। তিন মিনিট পর নিজের ৫৯তম গোলটি করেন মেসি। সেই সুবাদে ২-১ এ এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা। তার আগেই অবশ্য ডিফেন্ডার আব্রাহাম মিনেরো দ্বিতীয় হলুদ কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে দশজন নিয়েই ক্লান্ত বার্সেলোনাকে ভালোভাবে সমাল দিচ্ছিলো রেলিগেশনের খাড়ায় থাকা জারাগোজা। তবে খেলা শেষ হওয়ার চার মিনিট আগে নিজেদের বক্সে সানচেজকে ফেলে দেন জারাগোজা ডিফেন্ডার পারেদেস। পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে নিজের ৬০তম গোলটি করেন মেসি। ইনজুরি সময়ে পেদ্রো বার্সার হয়ে চতুর্থ গোলটি করেন।
অন্যান্য খেলায় গেটাফে ২-০ গোলে স্পোর্টিং গিজনকে, রায়ো ভায়েকানো ৬-০ গোলে ওসাসুনাকে ও বেটিস ৩-১ গোলে ভিয়ারিয়ালকে হারিয়েছে। এসপানিওল-রিয়াল সোসিয়েদাদের খেলাটি ২-২ গোলে অমীমাংসিত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এসএনএল/১৮৩৯ ঘ.
bdnews24