ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে (ইপিএল) প্রথম মিডফিল্ডার হিসেবে ১৫০ গোল করার গৌরব এখন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের অধিকারে। তবে ল্যাম্পার্ডের অনন্য অর্জনও জয় এনে দিতে পারেনি তার দল চেলসিকে। সোমবার চেলসি ১-১ গোলে ড্র করেছে ফুলহামের সঙ্গে।
এদিকে টটেনহাম হটস্পারের চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন ধাক্কা খেয়েছে আবার। তাদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে নরউইচ সিটি।
টটেনহামের পরাজয়ে লাভ হয়েছে নিউক্যাসল ইউনাইটেডের। বোল্টন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারানোয় নিউক্যাসলের পয়েন্ট এখন টটেনহামের সমান। তবে গোল গড়ে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে টটেনহামই।
৩৩ খেলায় টটেনহাম ও নিউক্যাসলের পয়েন্ট ৫৯। সমান খেলায় ৫৭ পয়েন্ট নিয়ে চেলসির অবস্থান ষষ্ঠ।
ফুলহামের মাঠে প্রথমে এগিয়ে গিয়েছিলো চেলসি। বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে প্রিমিয়ার লিগে নিজের ১৫০তম গোলটি করেন ল্যাম্পার্ড। ৮২ মিনিটে সমতা ফেরান ফুলহামের মিডফিল্ডার ক্লিন্ট ডেম্পসি।
ইপিএলের অন্য দুই ম্যাচের একটিতে এভারটন ৪-০ গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে এবং অ্যাস্টন ভিলা-স্টোক সিটি ১-১ গোলে ড্র করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২৬ঘ.
bdnews24