ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে গত চারবছরে নিজের কাজে তৃপ্ত কাজী সালাউদ্দিন। আরেক মেয়াদে ক্ষমতায় এলে আরো তিনটি লক্ষ্য পূর্ন করার ইচ্ছা তার।
রোববার বাফুফে ভবনে সালাউদ্দিন জানিয়েছেন, “দশমাস ফুটবল মাঠে রাখার কথা বলে আমি ক্ষমতায় এসেছিলাম। এ ক্ষেত্রে আমি অনেকটাই সফল হয়েছি। বছরের অধিকাংশ সময় খেলা মাঠে ছিল।”
“এবার আমার নতুন তিন লক্ষ্য হচ্ছে- জেলায় নিয়মিত লিগ আয়োজন করা, অ্যাকাডেমিক ভিত্তিতে ফুটবল চালু করা ও একটি শক্তিশালী জাতীয় দল গঠন করা, ” যোগ করেন বাফুফে সভাপতি।
বাফুফে সভাপতি শুধু নিজের কাজেই সন্তুষ্ট নন, সহকর্মী কর্মকর্তাদেরও প্রসংশা করতে ভুলেননি তিনি। এ ব্যাপারে তিনি বলেন, “গত চার বছরে আমি আমার সহকর্মীদের কাছ থেকে যথেষ্ঠ সহযোগিতা পেয়েছি। তারাও যথেষ্ঠ কাজ করেছেন।”
“আমি যাকে যে দায়িত্ব দিয়েছি, সে আন্তরিকভাবে দায়িত্বটা পালন করেছে। মানে কারো কাছ থেকে কোন অসহযোগিতা পাইনি,” যোগ করেন সালাউদ্দিন।
নির্বাচনে ঐক্যের প্যানেল করার বিষয়ে এখনো আশাবাদী বাফুফে সভাপতি। এ বিষয়ে তিনি বলেন, “সমঝোতার প্রক্রিয়া চলছে। আমি আশাবাদী ঐক্যটা ঠিক সময়ে হবে।”
এদিকে নির্বাচনের পরপরই সিলেট বিকেএসপিতে বাফুফে অ্যাকাডেমির কার্যক্রম শুরু হবে। ১ জুলাই থেকে অ্যাকাডিমের কার্যক্রম শুরু করতে চান বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৪০ঘ
bdnews24