ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর মোহামেডান স্পোর্টিং ক্লাবে আনন্দের উপলক্ষ্য। শুক্রবার গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী দলটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের জয়ের নায়ক উইলকক্স। এই নাইজেরীয় স্ট্রাইকারের জোড়া গোলেই সাদা-কালো শিবিরের বিশাল জয় রচিত। টানা ৬ ম্যাচ পর জয়ের দেখা পাওয়া মোহামেডানের তো বটেই, লিগেও এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় ব্যবধানে জয়। আগের সবচেয়ে বড় জয়টি ছিলো মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের, আরামবাগের বিপক্ষে ৪-১ গোলের।
বড় জয় পেলেও প্রথম গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে মোহামেডানকে। ৪১ মিনিটে শরিফুল ইসলামের লব ধরে প্লে¬সিং শটে লক্ষ্যভেদ করেন উইলকক্স (১-০)।
দ্বিতীয়ার্ধে মোহামেডানকে আর গোলের জন্য হাপিত্যেশ করতে হয়নি। ৬১ মিনিটে উইলকক্সের থ্রু ধরে বক্সের ভেতর ঢুকে অসাধারণ শটে ব্যবধান ২-০ করেন ওয়াহেদ।
১০ মিনিট পর আবার গোল। এবারের গোলদাতা মিডফিল্ডার শরিফুল ইসলাম। শেষ মুহূর্তে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন উইলকক্স।
এই জয়ে পয়েন্ট তালিকায়ও অনেক উন্নতি হয়েছে মোহামেডানের। দশম স্থান থেকে এক লাফে তারা ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জের অবস্থান একাদশ।
অনেক দিন জয় পেয়ে দারুণ খুশি এমেকা ইউজিগো। মোহামেডানের নাইজেরীয় কোচ জয়ের পুরো কৃতিত্ব দিলেন খেলোয়াড়দের। ম্যাচ শেষে তিনি বলেন, “জয় অবশ্যই আনন্দদায়ক। এই আনন্দ খেলোয়াড়দের, এই আনন্দ সমর্থকদের।”
অন্যদিকে রহমতগঞ্জের কোচ মাহমুদুল হক লিটন হারের জন্য দায়ী করলেন বিদেশী খেলোয়াড়দের। তিনি বলেন, “নাইজেরীয় স্ট্রাইকার এনসে ফ্রান্সিস কারো দ্বারা প্রভাবিত হয়েছে। সে খেলা শুরু হওয়ার আগে এসে বলেছে খেলবে না। আমার কাছে ব্যাপারটা সন্দেহজনক বলে মনে হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৩ঘ.
bdnews24