ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনকে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান ফুটবল নিয়ে কথা বলতে গেলে প্রধানমন্ত্রী তাকে এ কথা জানান।
সালমান এফ রহমানের বরাত দিয়ে এই তথ্য দিয়েছেন বাফুফের মহিলা কমিটির সহ-সভাপতি মাহফুজা আক্তার কিরন। এ প্রসঙ্গে তিনি বলেন, “বাফুফে নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রার্থী সালাউদ্দিন। সালমান এফ রহমানকে তিনি এই ঘোষণা দিতে বলেছেন।”
এর সত্যতা স্বীকার করেছেন সালাউদ্দিনও। তিনি বলেন, “এটা আমার পরম সৌভাগ্য। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।”
এ মাসের শেষ দিকে বাফুফের নির্বাচন হওয়ার কথা। এবারের নির্বাচনে বর্তমান সভাপতি সালাউদ্দিন একটি পক্ষের এবং সহ-সভাপতি বাদল রায়ের আরেকটি পক্ষের নেতৃত্ব দেয়ার কথা।
বেশ কিছু দিন ধরেই দু পক্ষকে নিয়ে একটি ঐকমত্যের প্যানেল করার চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনও কোনো সমঝোতা হয়নি। ঐ প্যানেলে কাকে রাখা হবে আর কাকেই বা বাদ দেয়া হবে তা নিয়ে এখন দর কষাকষি চলছে।
অবশ্য ঐকমত্যের প্যানেল নিয়ে কোনো পক্ষই সরাসরি কিছু বলতে চাইছে না। তারা শুধু বলছে বিষয়টি প্রক্রিয়াধীন।
সভাপতি পদে এখন পর্যন্ত শুধু সালাউদ্দিনের নামই শোনা যাচ্ছে। তার প্রতিপক্ষ হিসেবে এখনও কোন প্রার্থীর নাম শোনা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮২৪ঘ.
bdnews24