ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগেও স্পেনের ক্লাবগুলোর আধিপত্য চলছে। এই টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্টের তিনটিই স্পেনের-অ্যাতলেতিকো মাদ্রিদ, অ্যাথলেতিক বিলবাও ও ভ্যালেন্সিয়া। শেষ চার নিশ্চিত করা অন্য দল পর্তুগালের স্পোর্টিং ক্লাব।
আর্জেন্টিনা ও চিলির সাবেক কোচ মার্সেলো বিয়েলসার অধীনে থাকা বিলবাও এবারের ইউরোপা লিগের অন্যতম চমক জাগানো দল। আগের রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দেয়া বিলবাওয়ের স্বপ্নযাত্রা চলছেই। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জার্মানির শালকে জিরো ফোরের মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফেরায় তাদের শেষ চার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলো। বৃহস্পতিবার ফিরতি লেগ ২-২ গোলে অমীমাংসিত রেখে সেমিফাইনালের পথে ‘প্রায়’ শব্দটিও মুছে দিয়েছে বিয়েলসার দল।
আরেক স্পেন-জার্মান লড়াইয়েও জয়মাল্য উঠেছে স্প্যানিশদের কণ্ঠে। ঘরের মাঠে প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদ ২-১ গোলে হারিয়েছিলো হ্যানোভারকে। প্রতিপক্ষের মাঠ থেকে ফিরতি লেগও একই ব্যবধানে জয় নিয়ে ফিরেছে অ্যাতলেতিকো।
তবে ভ্যালেন্সিয়া এতটা নির্ভার ছিলো না। নেদারল্যান্ডসের এজেড আলকামারের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ১-২ গোলে হেরে যাওয়ায় বেশ চাপের মধ্যে ছিলো তারা। তবে বৃহস্পতিবার ডাচ প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভ্যালেন্সিয়া। ৪-০ গোলের সহজ জয় (সব মিলিয়ে ৫-২) তাদের শেষ চার উত্তরণ নিশ্চিত করে দিয়েছে।
ইউক্রেনের মেটালিস্ট খারকিভের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফেরায় স্পোর্টিংয়েরও সেমিফাইনাল নিশ্চিত করতে সমস্যা হয়নি। ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে স্পোর্টিং জিতেছিলো ২-১ গোলে।
সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। অন্যটিতে অ্যাথলেতিক বিলবাও লড়বে স্পোর্টিংয়ের সঙ্গে। সেমিফাইনালের প্রথম লেগ ১৯ এপ্রিল আর ফিরতি লেগ ২৬ এপ্রিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০০ঘ.
bdnews24