ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরাশগঞ্জকে সহজেই হারিয়েছে আবাহনী লিমিটেড। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ৩-১ গোলে জিতেছে।
৩৮ মিনিটে মিডফিল্ডার আরমান আজিজ এগিয়ে দেন দলকে। নাসিরের ক্রস জটলার মধ্যে থাকা আরমানের টোকায় গোলরক্ষকের পায়ে লেগে জালে জড়িয়ে যায় (১-০)।
প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। গোলদাতা নাইজেরীয় স্ট্রাইকার লাকি পল। বদলী খেলোয়াড় লিংকনের থ্রু ধরে ডি বক্সের ওপর থেকে ডান পায়ের কোনাকুনি শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি (২-০)।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
৬১ মিনিটে একটি গোল শোধ করে ফরাশগঞ্জ। কঙ্গোর স্ট্রাইকার সিও জুনাপিও আবাহনীর গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়ান (২-১)।
এই গোল নিয়ে মৃদু আপত্তি তোলেন আবাহনীর খেলোয়াড়রা। যে কারণে গ্যালরিতে খানিকটা উত্তেজনারও জন্ম হয়।
আবাহনীর জয় নিশ্চিত করেন স্ট্রাইকার তৌহিদুল আলম। ৭৪ মিনিটে নাসিরের পাস পেয়ে বল গোলমুখে ফেলেন পল। তা থেকে তৌহিদুলের টোকায় বল চলে যায় ফরাশগঞ্জের জালে (৩-১)।
ম্যাচ শেষে রেফারি জালালউদ্দিনের সঙ্গে আবাহনীর এক সমর্থকের হাতাহাতি হয়। এই অনভিপ্রেত ঘটনার জন্য দায়ী ঐ সমর্থকই।
এই ঘটনার জেরে আবাহনী গ্যালারিতে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেক দর্শক মাঠে ঢুকে রেফারির ওপরে হামলার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহজ জয় পেলেও লিগে দ্বিতীয় স্থানেই আছে আবাহনী। ৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে মুক্তিযোদ্ধার পয়েন্টও ২০। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে আছে আবাহনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৮ঘ.
bdnews24