ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনেল মেসির রেকর্ড গড়া ম্যাচে মঙ্গলবার এসি মিলানকে হারিয়ে টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা।
প্রথমার্ধে পেনাল্টি থেকে আর্জেন্টিনার স্ট্রাইকার মেসির জোড়া গোলের সুবাদে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে এসি মিলানকে হারিয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে দলের পক্ষে অন্য গোলটি করেছেন আন্দ্রে ইনিয়েস্তা।
এর আগে প্রথম লেগে এসি মিলানের মাঠ থেকে গোল শূন্য ড্র নিয়ে ফেরে পেপ গার্দিওলার দল।
চ্যাম্পিয়ন্স ২০০২-০৩ মৌসুমে রুড ফন নিস্টলরয়ের গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড মঙ্গলবারই নিজের করে নেন মেসি। চলতি আসরে এ নিয়ে ১৪ গোল করলেন তিনি।
এদিকে আইভিচা ওলিচের জোড়া গোলে মঙ্গলবার মার্সেইকে ২-০ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গী হয়েছে বায়ার্ন মিউনিখ। এর আগে প্রথম লেগেও বায়ার্ন জেতে ২-০ গোলে।
মিলানের বিপক্ষে জেতা ম্যাচে দুটি পেনাল্টি পেয়েছে বার্সেলোনা। দ্বিতীয় পেনাল্টিটি অবশ্য বিতর্কিত। মিলানের রক্ষণভাগের খেলোয়াড় প্রতিপক্ষের জার্সি টেনে ধরায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
বার্সেলোনার কোচ গার্দিওলা অবশ্য মনে করেন, যোগ্য দল হিসেবে জিতেছে তার দল। তিনি বলেন, “রেফারি সিদ্ধান্ত নিয়ে চাইলে কথা বলা যেতে পারে, তবে এনিয়ে টানা পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলাম আমরা। এটা খেলোয়াড়দের প্রতিভা ও কঠোর পরিশ্রমের ফসল।”
“এটা আমাদের প্রাপ্য ছিল। দলের জয়ে আমি সন্তুষ্ট,” যোগ করেন বার্সা কোচ।
প্রথম লেগে বেনফিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকা চেলসি হতে পারে স্পেনিশ দলটির সেমিফাইনালের প্রতিপক্ষ। অন্য দিকে সেমিফাইনালে বায়ার্নের সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে সাইপ্রাসের দল এপোয়েল নিকোশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে রয়েছে রিয়াল।
প্রতি মৌসুমে মেসি নিজেকে নিয়ে যাচ্ছেন নতুন উচ্চতায়। চলতি বছর সব ধরনের প্রতিযোগিতা মূলক ফুটবলে এ পর্যন্ত পেয়েছেন ৫৮ গোল।
মিলানের লুকা অ্যন্টনিও অবৈধভাবে বাধা দিলে ন্যূ ক্যাম্পে ১১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি আদায় করে নেন মেসি। গোল হজমের পর যেন জেগে উঠে অতিথিরা।
রবিনহো ও ইব্রাহিমোভিচ গোল শোধ করা একটা ভালো সুযোগ তৈরি করে দেন অ্যন্টনিও নোসেরিনোকে। ৩২ মিনিটে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেন নি নোসেরিনো। খেলায় ফেরে ১-১ সমতা।
এই গোল মিলানের জন্য যথেষ্ট ছিল না। ৪১ মিনিটে পেনাল্টি থেকে আবারো গোল করে দলকে এগিয়ে নেন মেসি। মিলানের রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় আলেসান্দ্রো নেস্তা সার্জিও বাসকুয়েটসকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা, আবার মেসির গোল।
“কখনো কখনো রেফারি খুব বেশি সুবিধা দিয়ে ফেলেন। আমরা প্রথম পেনাল্টির সময়ে ভুল করেছিলাম, কিন্তু দ্বিতীয়টিতে নিতে সহায়তা করেছেন। বার্সেলোনায় খেলা কখনোই সহজ নয়,” ম্যাচ শেষে বলেন এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি।
দ্বিতীয়ার্ধে হ্যাট্রিকের সুযোগ পেয়েছিলেন মেসি। সে যাত্রায় মেসিকে ঠেকানো গেলেও ইনিয়েস্তাকে থামানো যায়নি। দুরূহ কোণ থেকে গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
ম্যাচ শেষে ইনিয়েস্তা বলেন, “এসি মিলানের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। সেমিফাইনালে পৌঁছাতে পেরে আমরা রোমাঞ্চিত।”
২০০৭ সালে শিরোপা জেতার পর আর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখতে পারেনি মিলান।
মার্সেইয়ের সাবেক খেলোয়াড় ফ্রাঙ্ক রিবেরি বায়ার্নকে প্রথম গোলের ক্ষেত্র তৈরি করে দেন ১৩ মিনিটে। সে সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেন নি ক্রোয়েশিয়ার ওলিচ। দ্বিতীয় গোলটির উৎসও সেই রিবেরি। ফাঁকায় দাঁড়ানো ডেভিড আলবাকে বল বাড়িয়ে দেন রিবেরি। আলবার পাস থেকে বল পেয়ে দলকে দ্বিতীয় বারের মতো এগিয়ে নেন ওলিচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/১৫৩৬ ঘ.
bdnews24