ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতিপক্ষের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জিতে সেমিফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। বুধবার ফিরতি লেগের খেলায় নিজেদের মাঠে অ্যাপোয়েল নিকোসিয়ার মুখোমুখি হবে রিয়াল, চেলসি খেলবে বেনফিকার বিপক্ষে।
সাইপ্রাসে গত সপ্তাহে শেষ ১৬ মিনিটে করিম বেনজেমার দুই ও কাকার এক গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। সাইপ্রাসের কোনো দল হিসেবে প্রথমবারের মত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল খেলে ইতিহাস গড়া অ্যাপয়েলকে তাই সেমিফাইনালে উঠতে হলে রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে প্রায় অসম্ভব কিছু করে দেখাতে হবে।
এই ম্যাচে দেখা যেতে পারে রিয়ালের ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়াকে। চোটের কারণে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে থাকার পর ওসাসুনার বিপক্ষে দলে ফেরেন তিনি।
এদিকে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ইংল্যান্ডের সম্মান বাঁচিয়ে রাখা চেলসি নিজেদের মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে এর আগে চারটি ম্যাচের সবগুলোতেই জিতেছে। যা বুধবারের ম্যাচে তাদের অনুপ্রেরণা যোগাবে।
তার ওপর পর্তুগালে গত সপ্তাহে ৭৫ মিনিটে সালমন কালুর একমাত্র গোলে জয়ের ফলে ফিরতি লেগে এগিয়ে থাকার সুবিধাতো তারা পাচ্ছেই।
তবে আইভোরি কোস্টের স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার মাঠে নামা নিয়ে অনিশ্চয়তা দুশ্চিন্তার ভাজ ফেলেছে চেলসি কোচের কপালে। শুক্রবার অনুশীলনের সময় পায়ের পাতায় চোট পান দ্রগবা। ফলে শনিবার ইপিএলে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। ওই ম্যাচ ৪-২ গোলে জেতে চেলসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৪৮ ঘ.
bdnews24