ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার ইতালির সেরি আ’তে নাপোলিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে জুভেন্তাস। শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে জুভেন্টাসের পয়েন্টের ব্যবধান এখন ২। সেরি আ’র আরো ৮ রাউন্ড বাকি আছে।
৩০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে এসি মিলান। সমান ম্যাচে জুভেন্তাসের পয়েন্ট ৬২। লাৎসিও (৫১ পয়েন্ট) তৃতীয় এবং নাপোলির (৪৮ পয়েন্ট) অবস্থান চতুর্থ। নাপোলির সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় উদিনেসে আছে পঞ্চম স্থানে।
জুভেন্তাস অ্যারেনায় ৫৩ মিনিটে ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৫ মিনিটে ভিদাল পার্দো দ্বিগুণ করেন ব্যবধান। ৮ মিনিট পর ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার লক্ষ্যভেদে জুভেন্তাসের জয় নিশ্চিত হয়ে যায়।
দিনের অন্য ম্যাচে ডিয়েগো মিলিতোর হ্যাটট্রিকের সুবাদে ইন্টার মিলান ৫-৪ গোলে হারিয়েছে জেনোয়াকে। নতুন কোচ আন্দ্রিয়া স্ত্রামাচ্চিওনির অধীনে এটি ছিলো ইন্টারের প্রথম ম্যাচ।
আর্জেন্টিনার স্ট্রাইকার মিলিতোর হ্যাটট্রিক ছাড়াও বেশ কিছু দুর্দান্ত আক্রমণ, দুটি লাল কার্ড এবং চারটি পেনাল্টির জন্যও ম্যাচটি দর্শকদের স্মৃতিতে গেঁথে থাকবে অনেক দিন।
মিলিতোর তৃতীয় অর্থাৎ হ্যাটট্রিক গোলটির জন্ম পেনাল্টি থেকে। অন্যদিকে জেনোয়ার চার গোলের মধ্যে তিনটিই পেনাল্টি থেকে এসেছে। আর লাল কার্ড দেখেছেন ইন্টারের ব্রাজিলীয় গোলরক্ষক জুলিও সিজার ও জেনোয়ার মিডফিল্ডার ফার্নান্দো বেলুচ্চি।
জিতলেও ৪৪ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে পড়ে থাকা ইন্টারের শিরোপা জয়ের সম্ভাবনা ধূসরই বলা যায়।
রোববার সেরি আ’র আরেক ম্যাচে এএস রোমা ৫-২ গোলে নোভারাকে হারিয়েছে। ৪৭ পয়েন্ট নিয়ে রোমার অবস্থান ষষ্ঠ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮২৪ ঘ.
bdnews24