ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। জিতেছে রিয়াল মাদ্রিদও। ওসাসুনাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে ছয় পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে লিগের শীর্ষে থাকা রিয়াল।
৩০ খেলায় রিয়ালের পয়েন্ট ৭৮। সমান খেলায় ৭২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। লা লিগায় দুদলের আর আটটি করে খেলা বাকি।
ওসাসুনার মাঠ পাম্পলোনায় ২০০৮ সালের পর আর জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। সেজন্য শনিবার কিছুটা হলেও চাপের মধ্যে ছিলো হোসে মরিনহোর দল।
তবে ম্যাচের সপ্তম মিনিটে করিম বেনজেমার লক্ষ্যভেদের পর আর পেছন ফিরে তাকাতে হয়নি স্পেনের সফলতম ক্লাবটিকে। ৩৭ ও ৭০ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো এবং ৪০ ও ৭৭ মিনিটে গনজালো হিগুয়াইনের দুটি করে গোল বড় ব্যবধানের জয় এনে দেয় রিয়ালকে। ৪৯ মিনিটে ওসাসুনার সান্ত্বনাসূচক গোলদাতা নিনো।
দলের সহজ জয়ের পাশাপাশি ৩৭ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতার মর্যাদাও ফিরে পেয়েছেন রোনালদো। ৩৬টি গোল নিয়ে তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন লিওনেল মেসি।
বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে দু দলই এ সপ্তাহে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা মাথায় রেখে সেরা একাদশের কয়েকজনকে বিশ্রামে রেখে মাঠে নেমেছিলো। ৪০ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন মেসি। এ মৌসুমে এটি মেসির ৫৬তম গোল।
লা লিগার অন্য ম্যাচগুলোতে রিয়াল বেটিস ২-০ গোলে মালাগাকে, জারাগোজা ২-১ গোলে স্পোর্টিং গিজনকে ও গ্রানাদা ১-০ গোলে রেসিং সান্তানদারকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩৪ঘ.
bdnews24