ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের দুর্দশা যেনো কাটছেইনা। শনিবার ফেনী স্টেডিয়ামে তারা ২-১ গোলে হেরে গেছে স্থানীয় সকার ক্লাবের কাছে।
ম্যাচে অবশ্য জয় পাওয়ারমতো ফুটবল মোটেও খেলেনি মোহামেডান। শুরুতেই তারা পিছিয়ে পড়ে। ম্যাচের ৩১ মিনিটে ইকবালের করা গোলে এগিয়ে যায় সকার ক্লাব।
প্রথমার্ধে আর কোন গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতে জোসেফের গোলে মোহামেডান খেলার সমতা আনে। ৪৭ মিনিটে গোলটি করেন এই নাইজেরীয়।
এই ব্যবধানও বেশিক্ষন ধরে রাখতে পারেনি সাদা-কালোর শিবির। ৫৯ মিনিটে নাইজেরীয় মিডফিল্ডার রোল্যান্ডের গোলে সকার ক্লাব আবারো এগিয়ে যায় (২-১)।
শতচেষ্টা করেও মোহামেডান এই গোলটি শোধ করতে পারেনি। তাই হেরেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। লিগে এটি তাদের তৃতীয় হার।
ফেনীর সঙ্গে হারে মোহামেডানের আরো অধোগতি হয়েছে। সাত খেলায় মাত্র ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন দশম। তাদের পরে একমাত্র দল রহমতগঞ্জ। লিগে মোাহমেডান একটি মাত্র ম্যাচে জিতেছে। আর ড্র করেছে তিনটিতে।
এই জয়ে ফেনীর দলটি পয়েন্ট তালিকায় আরো এগিয়েছে। সাত খেলায় ৮ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে সপ্তম স্থানে। ফেনী সকার জিতেছে ২ ম্যাচে, ড্র করেছে দুটি এবং তিন ম্যাচে হেরেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯১০ঘ.
bdnews24