ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে বুধবার অন্য ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের মাঠে ২-০ গোলে জিতে সেমিফাইনালে পথে অনেকটাই এগিয়ে গেছে বায়ার্ন মিউনিখ।
এসি মিলানের মাঠ সান সিরো’তে আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনাই। রক্ষণাত্মক কৌশল অবলম্বন করা মিলানকে এক রকম চেপে ধরেছিলো তারা। শুরুর দিকে পেনাল্টি নিয়ে বিতর্কও হয়েছে। বার্সা ফরোয়ার্ড আলেক্সিস সানচেজ বল নিয়ে আক্রমণ করতে গেলে মিলান গোলরক্ষক ক্রিস্টিয়ান আব্বিয়াতি অনেকটা দৌড়ে এসে তাকে বাধা দেন। অতিথিরা পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি। চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে এই প্রথম কোনো গোল পেলো না বার্সেলোনা।
রবিনহো ও জ¬াতান ইব্রাহিমোভিচ বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করার মিলানও সাফল্য পায়নি।
ইতালিতে ওই ম্যাচে ফলাফল ছাড়ও মাঠ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। খেলার সময় বারবার পিছলে যাচ্ছিলেন খেলোয়াড়রা। বার্সেলোনার পক্ষ থেকে বিষয়টি নিয়ে উয়েফা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করা হয়েছে ।
এদিকে অন্য ম্যাচে ফ্রান্সের দল মার্শেইয়ের বিপক্ষে ৪৪ মিনিটে গোল করে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন মারিও গোমেজ। আরিয়েন রোবেন ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। প্রতিপক্ষের মাঠে এই জয়ের ফলে জার্মানির দলটির সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৪৭ ঘ.
bdnews24