২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফেতে এখন নির্বাচনী হাওয়া

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এখন নির্বাচনী হাওয়া বিরাজ করছে। কে কোন পদে বা কোন প্যানেলের হয়ে নির্বাচন করবেন তা নিয়েই কর্মকর্তাদের যতো ভাবনা এখন। কারণ সময় হাতে নেই খুব একটা। ২৮ এপ্রিল বাফুফের নির্বাচন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2012, 01:37 PM

Updated : 24 Aug 2022, 11:02 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এখন নির্বাচনী হাওয়া বিরাজ করছে। কে কোন পদে বা কোন প্যানেলের হয়ে নির্বাচন করবেন তা নিয়েই কর্মকর্তাদের যতো ভাবনা এখন। কারণ সময় হাতে নেই খুব একটা। ২৮ এপ্রিল বাফুফের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে কর্মকর্তারা নিজেদের মধ্যে যোগাযোগটা বাড়িয়ে দিয়েছেন। অবশ্য প্রকাশ্যে কোন প্যানেল এখনো ঘোষণা হয়নি। তবে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন একটি গ্র“পের এবং সহ-সভাপতি বাদল রায় অন্য আরেকটি গ্র“পের নেতৃত্ব দিচ্ছেন তা অনেকটাই পরিষ্কার। অবশ্য পরিষ্কার নয় সমঝোতার একটি কমিটি হবে, নাকি নির্বাচনের লড়াইয়ে নামবেন তারা। সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য হারুনুর রশিদ বাফুফের গত নির্বাহী কমিটির সভায় সমঝোতার একটি কমিটি করার প্রস্তাব দিয়েছিলেন। হারুনুর রশিদের দেয়া প্রস্তাবের কোন সাড়া মেলেনি এখনো। তিনি নিজেও বলেছেন, “আমি জানিনা সাবার কাছে আমার সেই প্রস্তাব কতোটুকু গ্রহণযোগ্য মনে হয়েছে। কিন্তু আমি কোন সাড়া পাইনি এখনো।” বাফুফে সভাপতিও নিশ্চিত নন সমঝোতার প্যানেল হবে কিনা। তিনি বলেছেনও, “সমঝোতা হবে কিনা আমি নিশ্চিত করে বলতে পারছি না। সেই লক্ষনও আমি দেখছি না।” অন্যপক্ষের নেতা বাদল রায় আবার বলছেন সমঝোতার সময় এখনো পেরিয়ে যায়নি। তিনি বলেন, “সময় হলেই বোঝা যাবে কি করা যায়। আমি ব্যক্তিগতভাবে সমঝোতারই পক্ষে।” আরেক সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালও সমঝোতার কমিটি করার পক্ষে। তিনি বলেন, “বর্তমান যে অবস্থা নির্বাচন হলে ত্যাগি সংগঠকদের জেতা খুব কষ্ট হয়ে যাবে। কারণ নির্বাচন হলে টাকার ছড়াছড়ি হবে। এতেকরে অনেক যোগ্য লোকও বাদ পড়ে যেতে পারেন।” এদিকে এখনো চলছে জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নির্বাচন। ১৮ মার্চ পর্যন্ত নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছিল বাফুফে। এখন তা আবার বাড়িয়ে ২৭ মার্চ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.