২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিদেশির খোঁজে মোহামেডান

নতুন বিদেশি ফুটবলারের খোঁজে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই লক্ষ্যে ঐতিহ্যবাহী দলটি কয়েকটি দেশে যোগাযোগও করেছে। জাম্বিয়া ও ঘানা থেকে ফুটবলার নিয়ে আসতে পারে মোহামেডান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বিদেশি ফুটবলারের খোঁজে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এই লক্ষ্যে ঐতিহ্যবাহী দলটি কয়েকটি দেশে যোগাযোগও করেছে। জাম্বিয়া ও ঘানা থেকে ফুটবলার নিয়ে আসতে পারে মোহামেডান। মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া জানিয়েছেন, “এরই মধ্যে বেশ কয়েকজন ফুটবলারের জীবন-বৃত্তান্ত পেয়েছি আমরা। অবশ্য এখনো তাদের খেলার ভিডিও ক্লিপ পাইনি। ভিডিও ক্লিপ দেখেই তাদের নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।” “আমাদের জন্য নতুন বিদেশি ফুটবলার এখন ভীষণ জরুরি। কারণ নাইজেরিয়া থেকে আসা পাঁচ ফুটবলারের খেলা তেমন ভালো নয়। তাই আমাদের নতুন বিদেশি আনার চিন্তা-ভাবনা করতে হচ্ছে,” যোগ করেন তিনি। লোকমান হোসেন আরো জানান, সম্ভব হলে আরো পাঁচ জন নতুন ফুটবলার নিয়ে আসবে মোহামেডান। এ প্রসঙ্গে তিনি বলেন, “লিগে আমাদের অবস্থা তেমন ভালো নয়। অবস্থা ভালো করার জন্য বিদেশ থেকে ভালো খেলোয়াড় আনা জরুরি হয়ে পড়েছে। প্রথম লেগে ভালো করতে না পারলেও ফিরতি লেগে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে।” বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের অবস্থা আসলেই করুণ। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টম। এমনকি মধ্যম মানের দল আরামবাগও এখন মোহামেডানের ওপরে আছে। মোহামেডানের সহকারী ব্যবস্থাপক ও সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীবও নতুন বিদেশি আনার পক্ষে। তিনি বলেন, “মৌসুমের শুরুতে আমরা ভালো মানের বিদেশি ফুটবলার আনতে পারিনি। তাই মধ্যবর্তী দলবদলে ভালো মানের ফুটবলার এনে ক্ষতিটা পুষিয়ে দিতে চাই।” “কারণ ফিরতি লেগে আমাদের ভালো করতেই হবে। ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তারাও চাইছেন ভালো খেলোয়াড় নিয়ে আসতে,” যোগ করেন নকীব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০৫ঘ.