ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব চেয়ে বেশি বেতন পান রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। ফুটবলফাইন্যান্স ডটকম নামের একটি ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে।
এফসি পোর্তো ও ইন্টার মিলানের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী পর্তুগিজ এই কোচ বছরে বেতন পান দশ মিলিয়ন ইউরো। আর এ মৌসুমে তিনি রয়েছেন লা লিগার শিরোপা জয়ের পথে।
ওয়েবসাইটের সমীক্ষায় বলা হয়, তার পেছনেই আছেন পেপ বার্সেলোনার পেপ গার্দিওলা ও আনঝি মাখাশকালার ওলন্দাজ কোচ গাস হিডিঙ্ক। তার দুই জনই পান সমান সাড়ে সাত মিলিয়ন ইউরো।
চেলসি মালিক রোমান আব্রামোভিচের চোখ রয়েছে মরিনহো ও গার্দিওলা, দুজনেরই ওপর। তাদের একজনকে পেতে চান তিনি তার দলের কোচ হিসেবে। গত সপ্তাহান্তে আন্দ্রে ভিলাস বোয়াসকে বরখাস্ত করার পর এখন কোচের সন্ধানে আছেন আব্রামোভিচ।
ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ কোচদের মধ্যে সব চেয়ে বেশি ছয় মিলিয়ন ইউরো বেতন পান ম্যানচেস্টার সিটির রবার্তো মানচিনি। তবে বিশ্বের সব চেয়ে বেশি বেতনের কোচদের তালিকায় তিনি আছেন চতুর্থ স্থানে।
প্যারিস সেইন্ট-জার্মেইনের কোচ কার্লো আনচেলোত্তি রয়েছেন পাঁচ নম্বরে। এছাড়া স্যার অ্যালেক্স ফার্গুসন, কেনি ডাল্গলিশ, আর্সেন ওয়েঙ্গার ও হ্যারি রেডন্যাপও আছে শীর্ষ দশজনের মধ্যে।
জাতীয় দলের কোচদের মধ্যে সব চেয়ে বেশি ২.৬ মিলিয়ন ইউরো বেতন পান সুইজারল্যান্ডের ওটমার হিটজফেল্ড। আর স্পেনের বিশ্বকাপ জয়ী কোচ ভিনসেন্ত দেল বস্ক আছেন তালিকার ২২ তম স্থানে।
সর্বোচ্চ বেতনের শীর্ষ দশ কোচের তালিকা:
১. হোসে মরিনহো (রিয়াল মাদ্রিদ)- ১০ মিলিয়ন ইউরো
২. পেপ গার্দিওলা (বার্সেলোনা), গাসি হিডিঙ্ক (আনঝি মাখাশকালা)- ৭.৫ মিলিয়ন ইউরো
৪. রবার্তো মানচিনি (ম্যানচেস্টার সিটি)- ৬ মিলিয়ন ইউরো
৫. কার্লো আনচেলত্তি (প্যারিস সেইন্ট-জার্মেইন)- ৫.৯ মিলিয়ন ইউরো
৬. জুপ হেইঙ্কেস (বায়ার্ন মিউনিখ)- ৫ মিলিয়ন ইউরো
৭. স্যার অ্যালেক্স ফার্গুসন (ম্যানচেস্টার ইউনাইটেড), কেনি ডাল্গলিশ (লিভারপুল)- ৪.৮ মিলিয়ন ইউরো
৯. আরসেন ওয়েঙ্গার (আর্সেনাল), হ্যারি রেডন্যাপ (টটেনহ্যাম হটস্পার)- ৪.৭ মিলিয়ন ইউরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৯ ঘ.
bdnews24