ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেডকে হারিয়েছে শেখ জামাল ধানমিন্ডি ক্লাব। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
টানা দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে শেখ জামাল। এর আগে রহমতগঞ্জের সঙ্গে ১-০ এবং আরামবাগের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। তারও আগে ফেনী সকারা ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। এই জয়ে শেখ জামাল শিবিরে কিছুটা হলেও স্বস্তি এসেছে।
ম্যাচে জয় পেতে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে শেখ জামালকে। শুরুতেই তারা দুই গোল পেয়ে গেলেও পরবর্তীতে প্রতিপক্ষ তাদের ওপর চেপে বসে। একটি গোল শোধও করে মোহামেডান। আরেকটি গোলের সুযোগ পেয়েও হাতছাড়া করে সাদা-কালোর শিবির।
ম্যাচের নবম মিনিটে শেখ জামালকে এগিয়ে দেন নাইজেরীয় মিডফিল্ডার ফেমি অরুনিমি। ফেমির অসাধারণ ফ্রি-কিক সরাসরি মোহামেডানের জালে জড়ায়।
২২ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। গোলদাতা ক্যামেরুনের স্ট্রাইকার ইউকো সামনিক। ইউসুফ ইসার ভলিশট মোহামেডান গোলরক্ষক হিমেল ফিরিয়ে দিলেও বিপদমূক্ত হয়নি। কিছুটা অরক্ষিত অবস্থায় থাকা ইউকোর সাইডভলি বল ঠিকানা খুঁজে পায় মোহামেডান জালে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহামেডান একটি গোল শোধ করে। ৫২ মিনিটে ডিফেন্ডার ইয়াসিনের বাড়িয়ে দেয়া বল থেকে ওয়াহেদ আহমেদের একটি দুর্বল শটে শেখ জামাল গোলরক্ষক আমিনুল পরাস্ত হন। আমিনুল ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি দলকে গোল খাওয়া থেকে।
ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট বাকি াকতে মোহামেডান খেলা সমতা আনার একটি সহজ সুযোগ হাতছাড়া করে। নাইজেরীয় স্ট্রাইকার উইলকক ফাকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে র্ব্য হন। তাই মোহামেডানও ব্যর্থ হয় হার এড়াতে।
মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো দলের এই হারে প্রচন্ড হতাশ হয়েছেন। তিনি বলেন, “আসলে খেলোয়াড়রা একেবারেই আয়েশীভাব নিয়ে খেলেছে। যেনো মাঠে ঘুমিয়ে ছিল তারা। আর এই কারণেই সম্ভব হয়নি প্রতিপক্ষকে রুখে দেয়া।”
শেখ জামাল কোচ আবু ইউসুফ দলের এই জয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “দলের প্রতিটি বিভাগ ভালো খেলেছে। তাই জয়টা পেতে সহজ হয়েছে। অবশ্য রক্ষণভাগের কিছু ভুল ছিল। এই বিভাগ নিয়ে আমাকে আরো কাজ করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০০ঘ.
bdnews24