২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিকে ছাড়িয়ে গেল আর্সেনাল, সিটির জয়

প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট ব্রমউইচের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় ফিকে হয়ে গেছে চেলসির চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা। তবে ২-১ গোলে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আর্সেনাল। আর বোল্টন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়ে তালিকার দ্বিতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আবারো পাঁচ পয়েন্টের পার্থক্য গড়ে তুলেছে শীর্ষ দল ম্যানচেস্টার সিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 05:01 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘোরতার বিপদে পড়ে গেছে আন্দ্রে ভিলাস বোয়াসের চেলসি। প্রিমিয়ার লিগে শনিবার ওয়েস্ট ব্রমউইচের কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় ফিকে হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা। ঠিক উল্টোটা ঘটেছে আর্সেনালের ক্ষেত্রে, মৌসুমের কোনো সময় শিরোপার দৌড়ে না থাকলেও উজ্জ্বল করে তুলেছে তারা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা। ২-১ গোলে হারায় তারা লিভারপুলকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকাতেও ছাড়িয়ে যায় তারা চেলসিকে। আর বোল্টন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়ে তালিকার দ্বিতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আবারো পাঁচ পয়েন্টের পার্থক্য গড়ে তুলেছে শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে পয়েন্টের এই পার্থক্য ফের দুইয়ে কমিয়ে আনার সুযোগ পাচ্ছে ইউনাইটেড রোববার। সেদিন তারা অতিথি হয়ে খেলতে যাবে টটেনহ্যাম হটস্পারের মাঠে। পয়েন্ট তালিকার দ্বিতীয় ও তৃতীয় দলের এই লড়াই উপভোগ্য হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ইউনাইটেডের নগর প্রতিপক্ষ সিটি নিজেরা গোল করে নয়, এগিয়ে যায় প্রতিপক্ষের আত্মঘাতী গোলে। গোলটি দেন বোল্টনের গ্রেটার স্টেইনসন। গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান মারিও বালোতেল্লি। নিজেদের মাঠে এটি ছিল দলটির টানা ১৯তম জয়। অ্যানফিল্ডে আর্সেনালের কসিয়েলনির আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। নিজেদের জালে নিজেই বল জড়িয়ে দেন তিনি খেলার ২৩ মিনিটে। আট মিনিট পরই অবশ্য গোল শোধ করে দেন আর্সেনালের রবিন ভন পার্সি। জয়সূচক গোলটিও আসে তার পা থেকে যোগ করা সময়ে। এ দুটো নিয়ে এ মৌসুমে পার্সি সব ধরনের প্রতিযোগিতায় গোল করলেন ৩১টি। ওয়েস্ট ব্রমউইচের মাঠে কোনো ধারই ছিল না চেলসির খেলায়। ফলে দলের পর্তুগিজ কোচের ভবিষ্যত নিয়ে প্রচার মাধ্যমের জল্পনা-কল্পনায় নিঃসন্দেহে তা কেবল রসদই জোগাবে। ব্রমউইচের পক্ষে জয়সূচক গোল করেন ম্যাকুলি, খেলার ৮২ মিনিটে। তবে গোল শোধ করার চমৎকার একটা সুযোগ পান ফ্রাঙ্ক ল্যাম্পার্ড খেলার শেষ দিকে। কিন্তু হেলায় নষ্ট করেন তা। দিনের অন্যান্য খেলায় সোয়ান্সি সিটি ২-০ গোলে উইগ্যান অ্যাথলেটিককে ও স্টক সিটি ১-০ গোলে নরউইচ সিটিকে হারায়। এছাড়া ব্ল্যাকবার্ন রোভার্স ও অ্যাস্টন ভিলা এবং কুইন্স পার্ক রেঞ্জার্স ও এভারটনের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। আর্সেনাল ২৭ খেলায় ৪৯ পয়েন্ট নিয়ে উঠে গেছে তালিকার চতুর্থ স্থানে। সমান খেলায় পঞ্চম দল চেলসির পয়েন্ট ৪৬। আর সিটির পয়েন্ট ৬৬। ২৬ খেলায় ইউনাইটেডের পয়েন্ট ৬১। টটেনহ্যামের ৫৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪২ ঘ.