২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে সিটি

সব দলকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগের শিরোপার পথে আরো খানিকটা এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। শনিবার ৩-০ গোলে হারায় তারা ব্ল্যাকবার্ন রোভার্সকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেললো পাঁচ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 05:00 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব দলকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগের শিরোপার পথে আরো খানিকটা এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। শনিবার ৩-০ গোলে হারায় তারা ব্ল্যাকবার্ন রোভার্সকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল ম্যানচেস্টার ইউনাইটেডকে পেছনে ফেললো পাঁচ পয়েন্ট। হোঁচট খেতে খেতে পথ চলারও অবসান ঘটেছে চেলসির। টানা পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখলো তারা বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে। এতে কিছুটা হলেও চাপ কমলো কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের ওপর থেকে। সেই সঙ্গে তার দল উঠে গেল পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। এ সপ্তাহের প্রথম দিকে পত্রপত্রিকায় মাঠের বাইরের খেলায় শিরোনাম হয়ে ছিল কার্লোস তেভেজের সঙ্গে সিটির বিরোধ মীমাংসার বিষয়টি। কিন্তু মাঠে সিটির খেলায় এটাই স্পষ্ট হয়ে ওঠে যে, তেভেজকে ছাড়াই শিরোপা ঘরে তোলার সামর্থ্য আছে তাদের। আক্ষরিক অর্থেই পুরো মাঠে সিটির খেলোয়াড়দের ছিল অবাধ বিচরণ। হেসে-খেলে খেলে যায় তারা শুরু থেকে শেষ পর্যন্ত। এরই মধ্যে দলের হয়ে গোল তিনটি করেন মারিও বালোতেল্লি, সার্জিও অ্যাগুয়েরো ও বদলী খেলোয়াড় এডিন দজেকো। পাল্টা আক্রমণ থেকে বালোতেল্লি তার গোলটি করেন ৩০ মিনিটে। অ্যগুয়েরো দেন ৫২ মিনিটে। আর মাঠে নামার দুই মিনিটেরও কম সময়ের মধ্যে দজেকো তার গোলটি করেন ৮১ মিনিটে মাথা দিয়ে। বালোতেল্লিকে তুলে নিয়ে মাঠে নামানো হয় দজেকোকে। এই খেলায় জেতায় সিটির পয়েন্ট দাঁড়ালো ২৬ খেলায় ৬৩। এতে পাঁচ পয়েন্ট পেছনে পড়লো তাদের নগর প্রতিপক্ষ ইউনাইটেড। তবে পয়েন্ট ব্যবধান দুইয়ে কমিয়ে আনারও সুযোগ পাচ্ছে দলটি রোববার। বর্তমান চ্যাম্পিয়নদের সেদিন অতিথি হয়ে খেলতে যাওয়ার কথা নরউইচ সিটির মাঠে। তালিকার তৃতীয় দল টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৫ খেলায় ৫৩, চতুর্থ দল চেলসির চেয়ে সাত বেশি। আর ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। দিনের অন্যান্য খেলায় ফুলহ্যাম ১-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে ও ওয়েস্ট ব্রমউইচ ৪-০ গোলে সান্ডারল্যান্ডকে হারায়। এছাড়া নিউক্যাসল ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ২-২ ও উইগ্যান অ্যাথলেটিক ও অ্যাস্টন ভিলার খেলা গোলশূন্যভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫১ ঘ.