ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ তাদের ১-০ গোলে হারিয়েছে।
চার ম্যাচে এটি শেখ জামালের দ্বিতীয় হার। এর আগে লিগের উদ্বোধনী ম্যাচেই নবাগত বিজেএমসির কাছে ৩-১ গোলে হার মেনেছিলো তারা। ৪ পয়েন্ট নিয়ে শেখ জামাল এখন ষষ্ঠ স্থানে। সমান পয়েন্ট হলেও গোল গড়ে পিছিয়ে থাকায় রহমতগঞ্জের অবস্থান সপ্তম।
সোমবার রহমতগঞ্জের জয়ের নায়ক উগান্ডার স্ট্রাইকার ইদ্রিস কাসিরি। ৬৩ মিনিটে শঙ্কর দাসের কর্নার থেকে তার দুর্দান্ত হেড এগিয়ে দেয় পুরনো ঢাকার দলটিকে। শেষ পর্যন্ত গোলটি ধরে রেখে জয়োল্লাসে মেতে ওঠে রহমতগঞ্জ।
শেখ জামাল অবশ্য আরো বড় ব্যবধানে হারতে পারতো। তবে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায় এক গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় রহমতগঞ্জকে।
রহমতগঞ্জের জন্য এই জয় একই সঙ্গে স্বস্তির আর প্রতিশোধের। গত বাংলাদেশ লিগে শেখ জামালের সঙ্গেই পাতানো ম্যাচের কলঙ্ক তাদের গায়ে লেগেছিলো। গত ১১ জুন অনুষ্ঠিত ঐ ম্যাচে দুই গোলে এগিয়ে গিয়েও ৫-২ গোলে হেরে যায় রহমতগঞ্জ। পরে ম্যাচটি পাতানো প্রমাণিত হওয়ায় শেখ জামালকে ২০ লাখ এবং রহমতগঞ্জকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হয়।
লিগের শুরুতেই ব্যর্থতায় দায়ে বিদায় নিতে হয়েছে কোচ সাইফুল বারী টিটুকে। তার জায়গায় আবু ইউসুফ এলেও শেখ জামালের অবস্থার পরিবর্তন হয়নি।
শেখ জামালের কোচ হিসেবে প্রথম ম্যাচেই হারের তেতো স্বাদ পেয়ে ইউসুফ স্বাভাবিকভাবেই হতাশ। ম্যাচ শেষে হারের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “দলটি একেবারেই অগোছালো। খেলোয়াড়দেরও মানসিকভাবে বিপর্যস্ত মনে হচ্ছে। যে কারণে কোনো বিভাগই ভালো খেলতে পারেনি। বিশেষ করে ডিফেন্স ও মিডফিল্ডের অবস্থা একদমই ভালো নয়। এই দল নিয়ে আমাকে অনেক কাজ করতে হবে।”
“তবে হতাশ হলে চলবে না। এখনো সব কিছু শেষ হয়ে যায়নি,” যোগ করেন তিনি।
এই জয়ে রহমতগঞ্জের কোচ মাহমুদুল হক লিটন উচ্ছ্বসিত। তিনি বলেন, “ভাবতেই পারিনি আমরা জিতবো। আমরা এক পয়েন্টের লক্ষ্য নিয়ে খেলেছিলাম। খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিয়েছে বলেই এই জয় সম্ভব হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩২ঘ.
bdnews24