ঢাকা, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্দেহ দানা বেঁধে উঠেছিল ১৯৭৮ সালের বিশ্বকাপে পেরু ও আর্জেন্টিনার খেলা শেষ হওয়ার পরপরই। পেরুর একজন সিনেটরের দাবির পরিপ্রেক্ষিতে এখন আভাস পাওয়া যাচ্ছে সেই সন্দেহ দূর হওয়ার। তিনি অভিযোগ করেন পেরু আর্জেন্টিাকে ম্যাচটি ছেড়ে দিয়েছিল। এতে বাদ পড়ে যায় ব্রাজিল।
দ্বিতীয় পর্বের ওই খেলায় ফাইনালে ওঠার জন্য আর্জেন্টিনাকে জিততে হতো কমপক্ষে চার গোলের ব্যবধানে। কিন্তু স্বাগতিকরা জেতে ৬-০ গোলে।
শেষ পর্যন্ত ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা।
দ্বিতীয় পর্বের খেলায় ব্রাজিল ৩-০ গোলে হারায় পেরুকে। আর্জেন্টিনা ২-০ গোলে জেতে পোল্যান্ডের বিপক্ষে। এরপর ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা গোলশূন্য ড্র হয়। ফলে গ্র“পের শেষ খেলার আগে দল দু’টোর পয়েন্ট দাঁড়ায় সমান তিন।
গ্র“পে নিজেদের শেষ খেলায় ব্রাজিল ৩-১ গোলে হারায় পোল্যান্ডকে। ওই দিন পরের খেলা ছিল আর্জেন্টিনা ও পেরুর। তাই আর্জেন্টিনা জেনে গিয়েছিল, ফাইনালে উঠতে হলে কমপক্ষে চার গোলের ব্যবধানে জিততে হবে।
খেলার প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে পেরু। দ্বিতীয়ার্ধে আরো চার গোল দেয় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত স্বাগতিকরা খেলায় জেতে ৬-০ গোলে।
কিন্তু এখন পেরুর সাবেক সিনেটর ৮০ বছর বয়স্ক গেনারো লেদেসমা বুয়েনস আইরেসের বিচারক নোবার্তো ওয়েয়ারবিদের কাছে অভিযোগ করেন, দেশ দু’টোর একনায়ক সরকার খেলার আগেই ফলাফল নির্ধারণ নিয়েছিলেন।
বিচারক গত সপ্তাহে পেরুর সাবেক সামরিক প্রেসিডেন্ট ফ্রান্সিসকো বার্মুদেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তার বিরুদ্ধে তথাকথিত কন্ডোর পরিকল্পনার আওতায় পেরুর ১৩ জন নাগরিককে আর্জেন্টিনা পাঠানোর অভিযোগ আনা হয়।
এই কন্ডোর পরিকল্পনার মাধ্যমে ১৯৭০’র দশকে লাতিন আমেরিকার একনায়করা রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের দমন ও তাদের ওপর নির্যাতন চালানোর জন্য পরস্পরকে সহযোগিতা করতেন।
আর্জেন্টিনায় পৌঁছানোর পর তৎকালীন সামরিক জান্তা ওই ১৩ জনের ওপর অমানুষিক নির্যাতন চালায়। সেই সঙ্গে বাধ্য করে স্বীকারোক্তিমূলক মিথ্যা জবানবন্দীতে সই করতে।
সেই সময় একজন বিরোধী নেতা ছিলেন লেদেসমা। তিনি দাবি করছেন, আর্জেন্টিনার একনায়ক জর্জ ভিদেলা বিশ্বকাপে ওই খেলায় তার দেশের ফাইনালে ওঠার মতো পর্যাপ্ত গোলে পেরুর হারার শর্তে রাজবন্দীদের গ্রহণ করেন।
লিদেসমা আদালতে বলেন, বিশ্বজুড়ে আর্জেন্টিনার দুর্নাম দূর করার জন্য ভিদেলার বিশ্বকাপ জেতার খুব প্রয়োজন ছিল।
আর্জেন্টিনা সহজেই ৬-০ গোলে ম্যাচ জিতে নেয়ায় সন্দেহ দেখা দেয় তখনই। সেই সঙ্গে এই গুজব ছড়িয়ে পড়ে যে পেরু ঘুষ খেয়েছে। আবার কেউ কেউ বলেন, ম্যাচ ছেড়ে দেয়ার জন্য পেরুতে বিপুল পরিমানে খাদ্যশস্য পাঠানো হয়।
বি গ্র“পের অপর খেলা শেষ না হওয়া পর্যন্ত আর্জেন্টিনা নিজেদের খেলার সময়ও পিছিয়ে দিয়েছিল। এ নিয়ে সে সময় বিতর্কও ছড়িয়ে পড়ে। মূলত কতো গোলে জিততে হবে তা জানার জন্যই খেলার সময় পিছিয়ে দেয়া হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৩ ঘ.
bdnews24