২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালিমকে ওয়ালটনের সংবর্ধনা

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানো দ্বিতীয় বাংলাদেশী আব্দুল হালিমকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে দেড় লাখ টাকার চেকও তুলে দেয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠানো দ্বিতীয় বাংলাদেশী আব্দুল হালিমকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে দেড় লাখ টাকার চেকও তুলে দেয়া হয়। মাথায় বল নিয়ে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রমের রেকর্ড গড়ার কৃতিত্ব দেখিয়েছেন আব্দুল হালিম। ২৪ জানুয়ারি গিনেস বুকের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা জানানো হয়। গত ২৮ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাথায় বল নিয়ে ১৫.২ কিলোমিটার হেঁটে রেকর্ডটি গড়েন হালিম। গিনেস বুক কর্তৃপক্ষ হালিমের হাঁটার ভিডিও, পরদিন পত্রিকায় প্রকাশিত ইংরেজি ও বাংলা রিপোর্ট, ভেন্যুর আন্তর্জাতিক মাপ দেখে এবং ৫ জনের স্বাক্ষ্য গ্রহণ করে এই স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে রেকর্ডটি ছিলো মালয়েশিয়ার ই মিং লুর। ২০০৯ সালের ২১ আগস্ট তিনি মাথায় বল নিয়ে মালয়েশিয়ার সুবাঙ্গ জয়া স্টেডিয়ামে ১১.১২ কিলোমিটার হেঁটেছিলেন। সংবর্ধনা পেয়ে হালিম উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমি এখানেই থেমে যেতে চাই না। পেলে-ম্যারাডোনা যেমন তাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন, তেমনি আমিও আমার দেশকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে চাই। বুঝিয়ে দিতে চাই আমরাও কিছু করার ক্ষমতা রাখি।” টেবিল টেনিসে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস বুকে প্রথম বাংলাদেশী হিসেবে নাম লিখিয়েছেন জোবেরা রহমান লিনু। সোমবার হালিমের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “গিনেস বুকে নাম উঠলেও এখনো কোনো সরকারি বা বেসরকারি পর্যায় থেকে আমি সম্মাননা পাইনি। হালিমের সংবর্ধনা দেখে তাই খুব ভালো লাগছে।” ওয়ালটনের উপ-পরিচালক ইকবাল বিন আনোয়ার বলেন, “গিনেস বুকে নাম ওঠা একজন ব্যক্তিত্বকে সংবর্ধনা দিতে পেরে আমরা ওয়ালটন পরিবার সম্মানিত বোধ করছি। ভবিষ্যতেও আমরা সফল ক্রীড়াবিদদের পাশে থাকবো।” “আমরা হালিমকে শুধু সংবর্ধনাই দিচ্ছি না, তার জন্য একটা চাকরিরও ব্যবস্থা করবো,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৭৩৯ঘ.