ঢাকা, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু’বার এগিয়ে গিয়েও পয়েন্ট তালিকার একেবারে নিচের দল ফ্রেইবুর্গের সঙ্গে জিততে পারলো না ওয়ের্ডার ব্রেমেন। ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হলো তালিকার পঞ্চম দলটিকে। আর সপ্তাহ শেষ করলো বরুসিয়া ডর্টমুন্ড তালিকার শীর্ষে থেকে।
খেলার ৩০ মিনিটে দলকে এগিয়ে নেন ব্রেমেনের আক্রমণভাগের খেলোয়াড় ক্লদিও পিজারো। কিন্তু দুই মিনিট পরই খেলায় সমতা ফেরান ফ্রেইবুর্গের সেড্রিক মাকিয়াদি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো দলকে এগিয়ে নেন পিজারো। গোলটি করেন তিনি ৪৮ মিনিটে। কিন্তু ৭০ মিনিটে খেলায় সমতা ফেরান জনাথন শমিদ।
এই দু’টি নিয়ে পিজারো লিগে মোট গোল করলেন ১৫টি।
দিনের অপর খেলায় কোলোন ১-০ গোলে হারায় কাইজারস্লটার্নকে।
ব্রেমেনের পয়েন্ট ২০ খেলায় ৩২। সমান খেলায় ফ্রেইবুর্গের ১৭, কোলোনের ২৪ ও কাইজারস্লটার্নের ১৮। শীর্ষ দল ডর্টমুন্ডের পয়েন্ট ৪৩।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৯ ঘ.
bdnews24