ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে ২-০ গোলে হারানোয় ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়ে গেছে তাদের।
গ্রুপের তিন ম্যাচেই জয় পাওয়া শেখ রাসেলের পয়েন্ট ৯। দুই জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করা মোহামেডানও শেষ আটে তাদের সঙ্গী।
শক্তির বিচারে এবার দুদলের মধ্যে বিস্তর ফারাক। জাতীয় দলের এক ঝাঁক তারকাকে দলে টেনে এ মৌসুমে কাগজে-কলমে সেরা দল শেখ রাসেল। অন্যদিকে তরুণদের নিয়ে দল গড়া মোহামেডান অনেকটাই খর্বশক্তির।
তবু পুরো প্রথমার্ধ সমান তালে লড়ে শেখ রাসেলকে গোল পেতে দেয়নি মোহামেডান। কিন্তু বিরতির পর শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠেনি ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।
৪৭ মিনিটে শেখ রাসেলকে এগিয়ে দেন মিডফিল্ডার জাহিদ হোসেন। পোস্ট লক্ষ্য করে নেয়া তার দুর্বল শট মোহামেডানের নাইজেরীয় ডিফেন্ডার কালি ওসমানের দু পায়ের ফাঁক দিয়ে চলে যায় জালে (১-০)।
চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হাসান এমিলি। জাহিদের পাস থেকে দেশের অন্যতম সেরা স্ট্রাইকারের বাঁ পায়ের দুর্দান্ত শট সাইড বারে লেগে জালে জড়িয়ে যায় (২-০)।
গত দুই মৌসুমের হতাশা কাটিয়ে ছন্দে ফেরা এমিলির ফেডারেশন কাপে এটি পঞ্চম গোল। এর আগে ফেনীর রামপুর বয়েজের বিপক্ষে হ্যাটট্রিক এবং পুলিশের বিপক্ষে একটি গোল করেছেন তিনি।
এই জয়ে দারুণ খুশি শেখ রাসেলের কোচ মারুফুল হক। তিনি বলেন, “জায়ান্ট মোহামেডানের সঙ্গে খেলেই আমার দলের আসল পরীক্ষা হয়েছে। মাঠ কর্দমাক্ত হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছিল, তবে পুরো ম্যাচেই দল ভালো খেলেছে।”
অন্যদিকে হেরেও হতাশ নন মোহামেডানের কোচ সাইফুল বারী টিটু। তিনি বলেন, “টুর্নামেন্টের সেরা দলের কাছে হেরেছি বলে আমার মনে কোনো আফসোস নেই। বরং আজকের অভিজ্ঞতা কোয়ার্টার ফাইনালে কাজে লাগবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১০৬ঘ.
bdnews24