২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার প্রতিশোধের মিশন

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে। ঘরের মাঠ মেনদোজায় যে লড়াইয়ে নামার সময় ‘প্রতিশোধ’ শব্দটা আর্জেন্টাইনদের মনে উঁকি দেয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে। ঘরের মাঠ মেনদোজায় যে লড়াইয়ে নামার সময় ‘প্রতিশোধ’ শব্দটা আর্জেন্টাইনদের মনে উঁকি দেয়ার কথা। গত বছর কোপা আমেরিকার স্বাগতিক এবং অন্যতম শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনার ব্যর্থতার পেছনে দায়ী ছিল উরুগুয়ে। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে কার্লোস তেভেজের ব্যর্থতার সুযোগ কাজে লাগিয়ে উরুগুয়ে শুধু শেষ চারেই উঠে যায়নি, দক্ষিণ আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্টের শিরোপাও জিতে নিয়েছিল। শনিবার নিজেদের আঙিনায় আর্জেন্টিনার সামনে তাই প্রতিশোধের মিশন। যে মিশন সফল করতে ম্যারাডোনার দেশ যথারীতি তাকিয়ে লিওনেল মেসির দিকে। ‘জাতীয় দলের হয়ে মেসি জ্বলে উঠতে পারেন না’ অপবাদকে মিথ্যা প্রমাণ করে ইদানীং আকাশী-সাদা জার্সি গায়ে বিশ্বের সেরা ফুটবলারের পায়ে গোলের ফুলঝুরি। আর্জেন্টিনার সর্বশেষ ৭ ম্যাচে দুটো হ্যাটট্রিকসহ ১০ গোল করে সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন মেসি। তিনি নিজে অবশ্য সমালোচকদের নিয়ে চিন্তিত নন। মেসির ভাবনা জুড়ে শনিবারের লড়াই। উরুগুয়েকে প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়েছেন বার্সেলোনা তারকা। তিনি বলেন, “বিশ্বকাপ বাছাইপর্ব খুবই কঠিন জায়গা। এখানে সব প্রতিপক্ষই শক্ত। তবে আমরাও একটু-একটু করে নিজেদের গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখনো অনেকটা পথ যাওয়া বাকি। তবে দলগতভাবে আমরা আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছি।” নিজের পারফরম্যান্স এবং অধিনায়কের দায়িত্ব নিয়েও তৃপ্ত গত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তিনি বলেন, “অতীতে জাতীয় দলের হয়ে আমার বেশ কিছু দুঃখজনক অভিজ্ঞতা হয়েছিল। তবে এখন আগের চেয়ে অনেক কিছুই ভালো। আশা করি এটা ধরে রাখতে পারব। তবে অধিনায়কের আর্মব্যান্ড আমাকে বদলে দেয়নি। আমি আগের মতোই সতীর্থদের পাশে আছি।” ‘ফ্যান্টাস্টিক ফোর’ নামে পরিচিত আর্জেন্টিনার আক্রমণভাগে মেসির সঙ্গে আছেন গঞ্জালো হিগুয়াইন, অ্যাঞ্জেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরো। এমন চমৎকার আক্রমণভাগে বলীয়ান হয়েই সবচেয়ে বেশি গোল (১৫টি) করে এবং সবচেয়ে বেশি পয়েন্ট (১৪) পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে আছে বিশ্বের অন্যতম জনপ্রিয় দলটি। অবশ্য অন্য দলগুলোও তেমন পিছিয়ে নেই। গোল গড় পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রাখলেও কলম্বিয়া ও ইকুয়েডরের পয়েন্ট সমান - ১৩। চতুর্থ ও পঞ্চম দল উরুগুয়ে ও চিলির পয়েন্ট ১২। অর্থাৎ প্রথম পাঁচ দলের মধ্যে মাত্র দুই পয়েন্টের ব্যবধান! উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের চোখে অবশ্য আর্জেন্টিনাই সবচেয়ে ‘ভয়ঙ্কর’ দল। তবে প্রতিশোধের ব্যাপারটাকে পাত্তাই দিতে রাজি নন তিনি। তাবারেজ বলেন, “এই ম্যাচটাকে ঐ ম্যাচের (কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল) সঙ্গে তুলনা করা যাবে না। আলেজান্দ্রো সাবেলার অধীনে আর্জেন্টিনা আগের চেয়ে অনেক উন্নতি করেছে আর তারা এখন ভীষণ বিপজ্জনক দল। বাছাইপর্বে এটাই হতে যাচ্ছে আমাদের সবচেয়ে কঠিন ম্যাচ। কারণ আমরা একটা দুর্দান্ত দলের মুখোমুখি হতে যাচ্ছি, আর সেই সঙ্গে মেসিরও।” আর্জেন্টিনার মতো অতটা শক্তিশালী না হলেও উরুগুয়ের আক্রমণভাগও খারাপ নয়। কোপা আমেরিকার সেরা খেলোয়াড় লুই সুয়ারেজ, এ মৌসুমে ইতালির সেরি আ’তে নাপোলির হয়ে ৭ ম্যাচে ৬ গোল করা এদিনসন কাভানি এবং গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ডিয়েগো ফোরলানকে নিয়ে গড়া উরুগুইয়ানদের আক্রমণভাগ। বাছাইপর্বে আর্জেন্টিনার সমান ১৫ গোল করার কৃতিত্বও তাবারেজের দলের। এ রাউন্ডে দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্য তিন ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া-প্যারাগুয়ে, ইকুয়েডর-চিলি ও বলিভিয়া-পেরু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৫ঘ.