ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইকুয়েটোরিয়াল গিনিকে ১-০ গোলে হারিয়ে রোববার আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে জাম্বিয়া। এদিকে ৩০ বছর পর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো জয় পেয়েছে লিবিয়া। সেনেগালকে ২-১ গোলে হারায় তারা।
তবে লাভ হয়নি লিবিয়ার। জাম্বিয়া জেতায় বিদায় নিতে হয় তাদের।
খেলার পাঁচ মিনিটেই লিবিয়াকে এগিয়ে নেন আইহাব আল বুসেফি। ছয় মিনিট পরই সেনেগালকে খেলায় ফেরান ডেমে এনদিয়ায়ে। জয়সূচক গোলটিও আসে বুসেফির পা থেকে।
তবে লিবিয়ার সঙ্গে বিদায় নিতে হয় সেনেগালকেও। তিন খেলার তিনটিতেই হারে দলটি। যদিও প্রতিযোগিতা শুরুর আগে তাদের গায়ে লাগানো ছিল ‘ফেভারিট’র তকমা।
এদিকে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে জয়সূচক গোলটি দেন ক্রিস্টোফার কাতোঙ্গো। এই খেলায় হেরে গেলেও ইকুয়েটোরিয়াল গিনির কোনো ক্ষতি হয়নি। কেননা দলটি আগেই জায়গা করে নেয় কোয়ার্টার-ফাইনালে।
খেলা শেষে জাম্বিয়া কোচ বলেন, “হেরে গেলে আমাদের বিদায় নিতে হতো। তারপরও ড্র করার জন্য মাঠে নামিনি, আমরা খেলেছি গ্র“পের শীর্ষস্থান দখলের জন্য।” তিন খেলায় সাত পয়েন্ট নিয়ে এ গ্র“পের শীর্ষেই আছে তার দল।
১৯৮২ সালের পর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে এই প্রথম জিতলো লিবিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৪ ঘ.
bdnews24