ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতে হতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সে সময় নির্বাচন করার অনুমতি চেয়ে ফিফার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
শুক্রবার ফিফার পররাষ্ট্র বিষয়ক ব্যবস্থাপক মার্ক কলিন্সের সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। এখনো অবশ্য এ ব্যাপারে তিনি সবুজ সংকেত পাননি।
বাফুফের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৯ সালের ২৮ এপ্রিল। আগামী ২৮ এপ্রিল শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। হাতে তেমন সময় নেই বলেই নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছে বাফুফে।
সালাউদ্দিনও চাইছেন যত দ্রুত সম্ভব নির্বাচন করতে। তিনি বলেন, “আমি মেয়াদের একদিনও বেশি ক্ষমতায় থাকতে চাই না। আমি চাই নির্ধারিত সময়েই নির্বাচন হোক।”
তবে নির্বাচনের আগেই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) ভোটাধিকার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ডিএফএ প্রতিনিধিরা সরাসরি ভোট দিতে পারবেন না। গত নির্বাচনের আগে তৎকালীন বাফুফে সভাপতি এসএ সুলতান ফিফার কাছে এ ব্যাপারে মুচলেকা দিয়েছিলেন।
বর্তমান নিয়ম অনুযায়ী ডিএফএর প্রতিনিধিরা বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনকে ভোট দেবেন। এরপর বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের প্রতিনিধিরা সরাসরি ভোট দেবেন বাফুফে কর্মকর্তাদের। যদিও এক সময় ডিএফএর প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন।
বাফুফে সভাপতিও ডিএফএর ভোটাধিকার থাকার পক্ষে। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, “ডিএফএর ভোটাধিকার থাকবে না, আমি তা কখনোই চাইনি। এখনও চাচ্ছি না।”
“যদিও আগের সভাপতি ফিফার কাছে মুচলেকা দিয়ে এসেছেন। তাই নিয়ে জটিলতাও তৈরি হয়েছে। এ ব্যাপারে আমি ফিফার সঙ্গে কথা বলবো,” যোগ করেন তিনি।
গত নির্বাচনে বাফুফের মোট ভোটার ছিল ১১২টি। ৫৫টি জেলা ও ৪ টি বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন, ঢাকার ৪১টি ক্লাব ছাড়াও বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, কোর্সেস অ্যাসোসিয়েশন, রেফারিজ অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থা ভোট দিয়েছিলো।
এবার ভোটার আরো বাড়বে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি এবং বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ৭টি ক্লাব বেড়েছে। তাছাড়া জেলা এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনও বাড়ছে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৯ঘ.
bdnews24