ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত নিজেদের ফিরে পেয়েছে ঘানা। শনিবার মালিকে ২-০ গোলে হারিয়ে পৌঁছে গেছে আফ্রিকা নেশন্স কাপের কোয়ার্টার-ফাইনালের কাছাকাছি। দিনের অন্য খেলায় বোতসাওয়ানার বিপক্ষে ৬-১ গোলে জেতে গিনি।
শুরু থেকেই অত্যন্ত রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে মালি। তাই প্রতিপক্ষের সীমানায় জায়গা বানিয়ে খেলা অত্যন্ত কঠিন হয়ে পড়ে ঘানার।
তবে দ্বিতীয়ার্ধে মালি আর ঠেকিয়ে রাখতে পারেনি ব্ল্যাক স্টারদের। খেলার ৬৩ মিনিটে আসামোয়াহ গায়ান এগিয়ে নেন দলকে। ১৩ মিনিট পর ব্যবধান বাড়ান আন্দ্রে আয়েউ।
ঘানার এই জয়ের ফলে নিশ্চিত হয়ে গেল বোতসাওয়ানার বিদায়। এখন ডি গ্র“প থেকে কোয়ার্টার-ফাইনালে ওঠার জন্য লড়াই করবে মালি, গিনি ও ব্ল্যাক স্টাররা।
এ জন্য গিনির সঙ্গে ঘানার ড্র করলেই চলবে। কোয়ার্টার-ফাইনালে উঠলে দলটিকে খেলতে হবে তিউনিসিয়া কিংবা সহ-আয়োজক দেশ গ্যাবনের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০১ ঘ.
bdnews24