ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিংস কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভালেন্সিয়া। কোয়ার্টার-ফাইনালের প্রথম খেলায় বৃহস্পতিবার রাতে লেভান্তেকে হারায় তারা ৪-১ গোলে।
শেষ চারের লড়াইয়ে ২০০৮ সালের কাপ জয়ীদের লড়তে হবে বিশ্বের দুই সেরা দলের একটি, বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদের সঙ্গে। কেননা লেভান্তের মাঠে ফিরতি খেলায় ভালেন্সিয়া মাঠে নামবে বড় ব্যবধানে এগিয়ে থেকে। তাই ধরেই নেয়া যায়, অলৌকিক কোনো কিছু না ঘটলে সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে লেভান্তের।
ভালেন্সিয়ার চার গোলের মধ্যে তিনটিরই বল বানিয়ে দেন স্পেনের জাতীয় দলের মাঝমাঠের সাবেক খেলোয়াড় পাবলো হার্নান্দেজ। যদিও তিনি গোল করতে পারেননি একটিও।
খেলার ২৪ মিনিটে হার্নান্দেজ বল ঠেলে দেন হোনাসের গতিপথে। দৌড়ে গিয়ে চলন্ত বলে প্রচণ্ড শট নেন হোনাস। বল ঠিকানা খুঁজে নেয় জালে।
ঠিক সাত মিনিট পর লেভান্তের রক্ষণভাগ চিড়ে আবারো বল ঠেলে দেন হার্নান্দেজ। বল নিয়ন্ত্রণে নিয়েই শট নেন রবার্তো সেলদাদো। বল জড়িয়ে যায় জালে।
ছয় মিনিট পর লেভান্তের অরুনা কোনে একটি গোল শোধ করেন। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে গোল ব্যবধান ৩-১ এ নিয়ে যান পাবলো পিয়াত্তি। এই বলটিও পিয়াত্তিকে বানিয়ে দেন হার্নান্দেজ।
খেলার ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা প্রায় পেয়েই গিয়েছিলেন কোনে। কিন্তু ভালেন্সিয়া গোলরক্ষক দিয়েগো আলভেস দর্শনীয় কায়দায় ঠেকিয়ে দেন তার তীব্র শট। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের চার মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন টিনো কস্টা।
দ্বিতীয়ার্ধে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে শক্তি প্রয়োগের প্রবণতা ফুটে ওঠে দৃষ্টিকটুভাবে। খেলায় মোট ১১ বার হলুদ কার্ড পকেট থেকে বের করতে হয় রেফারিকে। এর মধ্যে দশবার বের করেন তিনি দ্বিতীয়ার্ধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১১ ঘ.
bdnews24