ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিল তিল করে জয়ের যে স্বপ্ন বুনেছিল তৃতীয় স্তরের দল মিরান্দেস, তা ভেঙে গেল মাত্র চার মিনিটের দমকা হাওয়ায়। মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের প্রথম খেলায় দুই গোলে এগিয়ে গিয়েও এসপানিওলের কাছে হার মানলো তারা ৩-২ ব্যবধানে। গোল তিনটি হয় ৮৫ থেকে ৮৯ মিনিটের মধ্যে।
ভিয়ারিয়াল ও রেসিং সান্তান্দারকে বিদায় করে দিয়ে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নেয়া মিরান্দেস চিলি করনেয়া স্টেডিয়ামে জন্ম দিতে যাচ্ছিল আরেকটি অঘটনের। অ্যালেইন অরোয়োর গোলে এগিয়ে যায় তারা ২৮ মিনিটে। ৭৮ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি দেন অধিনায়ক ইনফানতে।
ঘড়ির কাটা ৮৫ মিনিট ছোঁয়ার সঙ্গে সঙ্গে একেবারে পাল্টে যায় খেলার চিত্র। গোলের দরজা খুলে দেন এসপানিওলের ভাদিমির ওয়েস। এরপর একে একে সেই দরজা দিয়ে ভেতরে ঢোকেন রুই ফন্তে ও ভারদু। জয়সুচক গোলটি আসে ভারদুর পা থেকে। এর দুই মিনিট আগে দলকে খেলায় ফেরান ফন্তে।
এই ফলাফল বিশ্বাস করতে পারছিলেন না মিরান্দেসের খেলোয়াড়রা। হতাশায় ঘন-ঘন মাথা নাড়তে দেখা যায় সবাইকে।
অবশ্য মানব-ভুলেরও শিকার হয়েছে মিরান্দেস। দ্বিতীয়ার্ধে একটি সুস্পষ্ট পেনাল্টি পায় তারা। কিন্তু রেফারির চোখ এড়িয়ে যায়।
এ ব্যাপারে অবশ্য রেফারির সমালোচনা করতে রাজি হননি মিরান্দেস কোচ কার্লোস পওসো, “খেলায় হারার পর রেফারির ঘাড়ে দোষ চাপানো দুর্বল যুক্তি ছাড়া আরা কিছুই নয়।”
“রেফারি যদি পেনাল্টি না দেন, তাহলে তা পেনাল্টিই নয়,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৪ ঘ.
bdnews24