ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার সঙ্গে কিংস কাপের (কোপা দেল রে) কোয়ার্টার-ফাইনালের আগে শেষ মহড়া ভালো হলো না রিয়াল মাদ্রিদের। মালোর্কার বিপক্ষে ২-১ গোলে জিতলেও শুরুতে শঙ্কায় পড়েছিল লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ দলটি। পিছিয়ে পড়েছিল তারা এক গোলে।
এটি নিয়ে প্রতিপক্ষের মাঠে টানা সাত খেলায় জিতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে এগিয়ে গেল রিয়াল আট পয়েন্ট। অবশ্য পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ রয়েছে বার্সার সামনে। বর্তমান চ্যাম্পিয়নরা রোববার মাঠে নামবে রিয়াল বেটিসের বিপক্ষে।
এ মৌসুমের চতুর্থ ‘এল ক্লাসিকো’র আগে মালোর্কার কাছে প্রায় ধরা পড়ে গিয়েছিল হোসে মরিনহোর দল। কেননা টমার হেমেদের ৩৯ মিনিটের গোলে এগিয়ে যায় মালোর্কা।
দ্বিতীয়ার্ধে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গঞ্জালো হিগুয়াইন ৭২ মিনিটে মাথা দিয়ে গোল করে খেলায় ফিরিয়ে আনেন রিয়ালকে। শেষ পর্যন্ত জয়সুচক গোলটি পায় রিয়াল খেলা শেষ হওয়ার ছয় মিনিট আগে। গোল দেন হোসে কালেয়ন।
তিনি খেলতে নেমেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়ার জায়গায়।
এ মাসের ১৮ তারিখে রিয়ালের মাঠে অতিথি হয়ে খেলতে যাবে বার্সা। আর ২৫ তারিখে নু ক্যাম্পে বার্সা স্বাগত জানাবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের।
খেলা শেষে মরিনহো স্বীকার করেন, “প্রথমার্ধে তারা চমৎকার খেলেছে। এগারোজন খেলোয়াড়ই ছিলেন একই সূতোয় গাঁথা।”
খেলায়ও স্পষ্ট হয়ে উঠেছিল সেই চিত্রও। প্রথম গোলে শট নেয় রিয়াল খেলার ৩৭ মিনিটে। করিম বেনজেমার সেই শটটিও ছিল অত্যন্ত দুর্বল।
দিনের অন্যান্য খেলায় সেভিয়া গোলশূন্য ড্র করে এসপানিওলের সঙ্গে। পয়েন্ট তালিকার তৃতীয় দল ভালেন্সিয়া ১-০ গোলে হেরে যায় রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। জয়সূচক গোলটি করেন আন্তোইন গ্রিজমান।
এছাড়া রায়ো ভালেকানো গ্রানাদাকে হারায় ২-১ গোলে। আর রিয়াল জারাগোজা ১-১ গোলে ড্র করে গেতাফের সঙ্গে।
রিয়াল শীর্ষে আছে ১৮ খেলায় ৪৬ পয়েন্ট নিয়ে। বার্সার পয়েন্ট ১৭ খেলায় ৩৮। ১৮ খেলায় ৩৪ পয়েন্ট ভালেন্সিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১০৫৫ ঘ.
bdnews24