ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের বিতর্কিত গোলে বৃহস্পতিবার সেসনাকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে নাপোলি। কিন্তু গোলটি কোনোমতেই মেনে নিতে পারেননি সেসনার খেলোয়াড়রা। বল গোল-লাইন অতিক্রম করেনি বলে তীব্র প্রতিবাদ জানান তারা। কিন্তু রেফারি কানেই তোলেননি তাদের কথা।
নাপোলির মেসিডোনিয়ার আক্রমণভাগের খেলোয়াড় গোরান পানদেভ ফি-কিক নেন খেলার ৮৬ মিনিটে। কিন্তু সেসনা গোলরক্ষক নিকোলা রাভালিয়া তা ঠেকিয়ে দিলেও গোলের বাঁশি বাজান রেফারি। তার মতে, গোল-লাইন অতিক্রম করে যায় বল।
আক্ষরিক অর্থেই টেলিভিশন ‘রিপ্লে’ দেখেও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলটি আদৌ গোল-লাইন অতিক্রম করেছে কি না।
এই খেলায় নাপোলির হয়ে দুঃস্বপ্নের মতো অভিষেক হয় চিলির আক্রমণভাগের খেলোয়াড় অ্যাদুয়ার্দো ভার্গাসের। তার ভুলের পুরো ফায়দা লোটেন সেসনার রক্ষণভাগের খেলোয়াড় স্তেফান পপেস্কু। ২০ মিনিটে গোল করে এগিয়ে নেন তিনি তার দলকে।
খেলার ৬৫ মিনিটে নাপোলিকে খেলায় ফেরান অ্যাডিনসন কাভানি। পানদেভের প্রচণ্ড শট রাভালিয়া ঠেকিয়ে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বল চলে যায় অ্যাডিনসনের পায়ে। মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ১৫তম গোল করতে ভুল হয়নি তার।
নাপোলি এখন খেলবে ইন্টার মিলান অথবা জেনোয়ার সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩২ ঘ.
bdnews24