২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলের কাছে হার ম্যান সিটির

প্রিমিয়ার লিগের ‘ফর্ম’ অন্য কোনো প্রতিযোগিতায় অনুবাদ করতে পারছে না ম্যানচেস্টার সিটি। এফএ কাপ থেকে বিদায় নেয়ার পর বুধবার কার্লিং কাপের সেমিফাইনালের প্রথম খেলায় লিভারপুলের কাছে হেরে যায় দলটি ১-০ গোলে। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন স্টিফেন জেরার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 05:38 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার লিগের ‘ফর্ম’ অন্য কোনো প্রতিযোগিতায় অনুবাদ করতে পারছে না ম্যানচেস্টার সিটি। এফএ কাপ থেকে বিদায় নেয়ার পর বুধবার কার্লিং কাপের সেমিফাইনালের প্রথম খেলায় লিভারপুলের কাছে হেরে যায় দলটি ১-০ গোলে। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন স্টিফেন জেরার্ড। নিজেদের মাঠে সিটি গোলরক্ষক জো হার্ট শুরুতে অত্যন্ত দক্ষতার সঙ্গে দু’টো শট রুখে দিলেও অসহায় হয়ে পড়েন জেরার্ডের মাটি-কামড়ানো পেনাল্টি কিকের সামনে। খেলার ১৩ মিনিটে স্তেফান সেভিচ লিভাপুলের ড্যানিয়েল অ্যাগারকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। খেলায় বেশিরভাগ সময় সিটির পায়ে বল ঘোরা-ফেরা করলেও লিভারপুলের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি তারা। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় ঘরের ছেলেদের। অথচ গত সপ্তাহে ৩-০ গোলে লিভারপুলকে হারিয়েছিল সিটি। এই জয়ের ফলে অ্যানফিল্ডে ফিরতি খেলায় লিভারপুল মাঠে নামবে অনেকটা নির্ভার হয়ে। আর চাপে থাকবে সিটি। কেননা শিরোপার কথা মাথায় রেখে প্রচুর অর্থ-কড়ি খরচ করে দল তৈরি করেছে তারা। গত রোববার এফএ কাপ থেকে তাদের বিদায় করে দিয়েছে নগর প্রতিপক্ষ ইউনাইটেড। বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। লিভারপুলের বিপক্ষে প্রথমার্ধে তাদের খেলায় পরিকল্পনার কোনো ছাপ ছিল না। দ্বিতীয়ার্ধে তারা নিজেদের অনেকটা গুছিয়ে নিলেও প্রিমিয়ার লিগের ‘ফর্ম’র ধারে-কাছেও ছিল না তা। এ কথা স্বীকার করছেন কোচ রবার্তো মানচিনিও, “প্রথমার্ধে আমরা ভালো খেলতে পারিনি। তিন-চারজন খেলোয়াড় না থাকায় আমাদের জন্য পরিস্থিতিটা কঠিন হয়ে পড়েছে ঠিকই। কিন্তু হার আমাদের প্রাপ্য ছিল না।” ড্র-কেই তিনি খেলার সঠিক ফলাফল বলে মনে করছেন। নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি অধিনায়ক ভিনসেন্ট কোম্প্যানি। ইয়াইয়া তোরে চলে গেছেন দেশের হয়ে খেলতে। আর চোট পেয়ে দর্শক হয়ে গেছেন ‘পে¬-মেকার’ ডেভিড সিলভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২১ ঘ.