ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - আগামী মৌসুম পর্যন্ত দুবাইয়ের ক্লাব আল ওয়াসলেই থাকার ঘোষণা দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। যদিও মঙ্গলবার আল ওয়াহদার কাছে ৩-২ গোলে হেরে প্রেসিডেন্ট কাপ থেকে বিদায় নিয়েছে তার দল।
৫১ বছর বয়সী ফুটবল-কিংবদন্তী আগেই জানিয়েছেন, তার দলের পক্ষে এবারের দুবাই পেশাদার লিগের শিরোপা জেতা সম্ভব নয়। বর্তমানে লিগে আল ওয়াসলের অবস্থান সপ্তম। শীর্ষে থাকা আল আইনের চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
একে তো লিগে ভালো অবস্থায় নেই। তার ওপরে প্রেসিডেন্ট কাপ থেকেও দল বিদায় নেয়ায় ম্যারাডোনা এখন ভীষণ অস্বস্তিতে।
মঙ্গলবার হেরে যাওয়ার পর ম্যারাডোনা বলেন, “আমাদের উদ্দেশ্য হলো দলকে উন্নতির পথে এগিয়ে নেয়া। আমরা দলের শক্তি বাড়াতে চাই। আমাদের দলে বেশ কয়েক জন নতুন খেলোয়াড় আছে এবং আমরা আরো কয়েক জনকে দলে টানতে চাই। বিশেষ করে আগামী মৌসুম শুরুর আগে।”
তিনি আরো বলেন, “মঙ্গলবারের ম্যাচটা আমাদের জন্য বেশ কঠিন ছিলো। হয়তো আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড়ের ঘাটতি আছে। আগামী বছর আমি দলে ১১ জন অভিজ্ঞ খেলোয়াড় চাই। সেজন্য আমাদের প্রচুর পরিশ্রম করতে হবে।”
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৯ঘ.
bdnews24