ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টমাস মুলারের জোড়া গোলের ওপর ভর করে বুন্ডেসলিগার শীর্ষ দল বায়ার্ন মিউনিখ ৪-০ গোলে জিতেছে ভারতের বিপক্ষে। এই খেলার মধ্য দিয়ে ভারত অধিনায়ক বাইচুং ভুটিয়া বিদায় নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে।
ভুটিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত অগাস্টে।
নয়া দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধেই গোল গোল চারটি করে ২২ বারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।
আক্রমণভাগের খেলোয়াড় মারিও গোমেজ বায়ার্নকে এগিয়ে নেন খেলার ১৪ মিনিটে। মুলার তার গোল দু’টো করেন ২৯ ও ৩৭ মিনিটে। চতুর্থ গোলটি আসে বাস্টিয়ান শোয়েন্সটিগারের পা থেকে, প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে।
বায়ার্ন গত সপ্তাহে কাতারের দ্বিতীয় বিভাগের দল আল সাইলিয়াকে হারায় ১৩-০ গোলে।
এ মৌসুমে বায়ার্ন ১৭ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগার শীর্ষে আছে।
খেলা থেকে প্রাপ্ত অর্থের কিছু অংশ বিতরণ করা হবে সিকিমে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মাঝে। গত সেপ্টেম্বরে রিখটার স্কোলে ৬.৯ মাত্রার ভূমিকম্পে সিকিমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ভারতের জার্সি সব চেয়ে বেশিবার গায়ে দিয়েছেন ভুটিয়া। ২০০৯ সালে নেহেরু কাপে ভারতের হয়ে শততম ম্যাচ খেলেন তিনি।
১৯৯৩ সালে কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দেন তিনি। দু’বছর পর চলে যান জেসিটি মিলসে। ১৯৯৭ সালে আবার তিনি ফিরে আসেন ইস্ট বেঙ্গলে। ১৯তম ফুটবলার হিসেবে অর্জুন পুরস্কার পান তিনি ১৯৯৯ সালে।
প্রথম ভারতীয় হিসেবে ইউরোপে পেশাদার ফুটবলে খেলেন তিনি। ১৯৯৯ সালে চুক্তি করেন ইংল্যান্ডের বুরি ক্লাবের সঙ্গে। এছাড়া ধারে খেলেন মালয়েশিয়ার পেরাক এফএ ক্লাবে।
বর্তমানে তিনি খেলছেন ইউনাইটেড সিকিমে। এই ক্লাবটির মালিকও তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৭ ঘ.
bdnews24