ঢাকা, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিলান ডার্বির আগে ইন্টার নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিলেও পারলো না এসি মিলান। সেরি আ’য় আটলান্টার বিপক্ষে ২-০ গোলে জিতলেও কোচ মাসিমিলিয়ানো আলেগরির দম আটকে যাওয়ার উপক্রম হয়েছিল কয়েকবার।
জুভেন্টাসও হারিয়েছে পয়েন্ট তালিকার একেবারে নিচের দল লেসকে, তবে অনেক কষ্ট করে ১-০ গোলে।
দিনের অন্যান্য খেলায় উদিনেস ৪-১ গোলে সেসনাকে, বোলোনা ২-০ গোলে কাতানিয়াকে, কালিয়ারি ৩-০ গোলে জেনোয়াকে, ফ্লোরেন্তিনা ৩-০ গোলে নোভারাকে, এএস রোমা ২-০ গোলে শিয়েভোকে ও নাপোলি ৩-১ গোলে পালের্মোকে হারায়।
বার্গামোয় খেলার ২২ মিনিটে জ্লাতন ইব্রাহিমোভিচের পেনাল্টি গোলে এগিয়ে যায় মিলান। প্রতিপক্ষের বক্সে জটলার মধ্যে হঠাৎ মাটিতে পড়ে যান আলেকজান্দ্রে পাতো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইব্রাহিমোভিচের নিচু করে মারা শট আশ্রয় নেয় জালের বাঁ কোনে। এ মৌসুমে এর আগে পাঁচটি পেনাল্টি শট নিয়ে একবারও ব্যর্থ হননি তিনি।
নির্ধারিত সময়ের আট মিনিট বাকি থাকতে জয় নিশ্চিত করেন কেভিন প্রিন্স বোয়েটাং। ইব্রহিমোভিচের কাছ থেকে বল পেয়ে ক্রসবারের ঠিক নিচ দিয়ে বল পাঠিয়ে দেন তিনি প্রতিপক্ষের জালে।
বোয়েটাং’র গোলের আগে কয়েকবার বড় বাঁচা বেঁচে যায় মিলান। এর মধ্যে একবার লিগের শীর্ষ গোলদাতা জার্মান ডেনিসের শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে মাঠে। তাই অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করছেন, পালে হাওয়া লাগায় তর তর করে এগিয়ে চলা ইন্টারের বিপক্ষে আগামী সপ্তাহান্তের ডার্বির আগে আরো চাঙ্গা হয়ে ওঠা দরকার বর্তমান চ্যাম্পিয়নদের।
আগের দিন শনিবার পার্মার বিপক্ষে ৫-০ গোলে জিতে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে ইন্টার।
খেলা শেষে আলেগরি স্বীকার করেন, “চমৎকার ফুটবল খেলেছে আটলান্টা। তাদের মনোবলও ছিল চাঙ্গা। বেশ কয়েকবার সমস্যার কারণও হয়ে উঠেছিল তারা।”
এদিকে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জুভেন্টাসের পক্ষে জয়সূচক গোলটি করেন আলেসান্দ্রো মাত্রি, খেলার ২৭ মিনিটে। এর মুহূর্ত খানেক আগে লেস গোলরক্ষক মাসিমিলিয়ানো বেনাসি ঠেকিয়ে দিয়েছিলেন মির্কো ভুসিনিচের প্রচণ্ড শট।
খেলা শেষে জুভেন্টাস কোচ আন্তোনিও কোন্তে বলেন, “আমি আগেই বলেছিলাম শীতকালীন ছুটির পরপর কোনো কিছুই নিশ্চিত থাকবে না, বিশেষ করে জুভের মতো অপরাজিত দলের জন্য।” পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে মাঠে আসলে তার মূল্য দিতে হতে পারে বলে তিনি সবাইকে সাবধান করে দেন।
মিলান ও জুভেন্টাস, দুই দলেরই পয়েন্ট ১৭ খেলায় ৩৭। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে মিলানের দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০৫ ঘ.
bdnews24